নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির সঙ্গে রয়েছে নিজের পারিবারিক শেকড়ের সম্পর্ক। পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত সেই রাজবাড়ি নিজের চোখে দেখতে চান ভারতীয় অভিনেত্রী অঙ্গনা রায়। শুধু ঘুরে দেখাই নয়, শেকড়ের টানে একদিন বাংলাদেশে ফিরে আসার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি একটি ভিডিওতে নিজের পারিবারিক ইতিহাস এবং রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির সঙ্গে যোগসূত্রের কথা তুলে ধরেন টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়। সেখানে তিনি জানান, পুঠিয়া রাজবাড়ি তাঁর পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কিত। বংশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই রাজবাড়ি দেখার প্রবল আগ্রহ রয়েছে তাঁর।

অঙ্গনা রায়ের এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি। বহু বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ যেন অভিনেত্রীর কাছে কেবল একটি স্থাপনা নয়, বরং নিজের শেকড় খুঁজে পাওয়ার ঠিকানা।
রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত ঐতিহাসিক এই রাজবাড়ি বাংলার অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন। ১৮৯৫ সালে মহারানি হেমন্তকুমারী দেবী প্রাসাদটি নির্মাণ করেন। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্বের কারণে রাজবাড়িটি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে।
একসময় পুঠিয়া রাজপরিবারের ক্ষমতা, ঐশ্বর্য ও ঐতিহ্যের প্রতীক ছিল এই রাজবাড়ি। সময়ের পরিক্রমায় রাজপরিবারের জৌলুস হারিয়ে গেলেও স্থাপত্যটি আজও বহন করছে অতীতের ইতিহাস।
অঙ্গনা রায়ের পুঠিয়া রাজবাড়ি দেখার ইচ্ছা পূরণ হলে সেটি হবে তাঁর কাছে পূর্বপুরুষের স্মৃতির কাছে ফিরে যাওয়ার এক আবেগঘন মুহূর্ত। আর রাজশাহীবাসীর জন্যও তা হবে ঐতিহাসিক এই স্থাপনাকে নতুন করে পরিচিত করার একটি সুযোগ।
পূর্বপুরুষের ভিটা দেখতে একদিন কি সত্যিই পুঠিয়ার রাজবাড়িতে পা রাখবেন অঙ্গনা রায়? এখন সেই অপেক্ষায় ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীরা।










