সিল্কসিটিনিউজ ডেস্ক :
জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে চলে যাবে শ্রীলংকা। আর হেরে গেলে সুপার এইটের আগেই বিদায়ের শঙ্কা অস্ট্রেলিয়ার জন্য। এমন সমীকরণের ম্যাচে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লংকান তারকা ক্রিকেটার পাথুম নিশাঙ্কা।
শূন্যে ভেসে নিশাঙ্কার নেওয়া ক্যাচটি দেখে ক্রিকেট বিশ্ব অভিভূত। তার এমন ক্যাচ নেওয়া দেখে মনে পড়ে গেল দক্ষিণ আফ্রিকার কিংবদন্ত ক্রিকেটার জন্টি রোডসকে। ক্রিকেট ইতিহাসের সেরা ফিল্ডার হিসেবে যার নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়।

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেই আইকনিক ডাইভিং রানআউট। দৌড়ে এসে স্টাম্প ভেঙে দিয়ে ইনজামাম উল হককে সাজঘরে পাঠান জন্টি রোডস। সেই মুহূর্তটি শুধু ম্যাচ নয়, বদলে দেয় ফিল্ডিং নিয়ে বিশ্ব ক্রিকেটের ধারণা।
আজ প্রোটিয়া তারকা জন্টি রোডসকে স্মরণ করালেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। মাঠে তখন চলছিল নাটকীয় মুহূর্ত। আগের ওভারেই ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ ফেলে দেন পাথুম। কিন্তু পরের ওভারেই যেন সব পুষিয়ে দিলেন দুর্দান্ত এক ক্যাচে। শ্রীলংকার এই ফিল্ডারের অবিশ্বাস্য লাফানো ক্যাচে আউট হন ম্যাক্সওয়েল।
দুশান হেমন্তার ফ্লাইটেড ডেলিভারি অফ স্টাম্পের বাইরেই ছিল। ম্যাক্সওয়েল হাঁটু গেড়ে বসে রিভার্স সুইপ খেলেন। ব্যাটে ভালোভাবে লাগায় মনে হয়েছিল বল বাউন্ডারি পেরিয়ে যাবে। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা নিশাঙ্কা হাওয়ায় ভেসে নিখুঁত টাইমিংয়ে বলটি তালুবন্দি করেন।
খানিক সময়ের জন্য যেন স্তব্ধ হয়ে যায় স্টেডিয়ামের। এরপরই গ্যালারীতে শুরু হয় লঙ্কান সমর্থকদের উল্লাস। আর মাঠে নিশাঙ্কাকে নিয়ে আনন্দে মেতে ওঠে সতীর্থরা। ১৫ বলে ২২ রান করে সাজঘরের পথ ধরেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল আউট হওয়ার পর খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। ইনিংসে দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত ১৮১ রানে অলআউট হয় অসিরা।
সূত্র: যুগান্তর










