সিল্কসিটিনিউজ ডেস্ক :
শীত আসন্ন হওয়ায় আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়া লাখ লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় প্রয়োজন। এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।
৩১ আগস্ট রাত থেকে ১ সেপ্টেম্বর তারিখের মধ্যে আঘাত হানা ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজার ২০০ জনের বেশি প্রাণহানি ঘটে এবং অন্তত আট হাজার ঘরবাড়ি ধ্বংস হয় বলে জানিয়েছে আইএফআরসি।

সংস্থাটি বলেছে, ‘প্রায় ১৩ লাখ মানুষ সরাসরি ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনেক পরিবার এখনো তাঁবুতে, অস্থায়ী আশ্রয়ে বা খোলা আকাশের নিচে বাস করছে।’
আইএফআরসি আফগানিস্তান মিশনের অন্তর্বর্তী প্রধান জয় সিংহাল বলেন, ‘শীত নেমে আসছে, আর তাঁবু যথেষ্ট নয়। আসন্ন কনকনে ঠাণ্ডা মাসগুলো টিকে থাকার জন্য পরিবারগুলোর নিরাপদ, উষ্ণ ও মর্যাদাপূর্ণ আশ্রয় প্রয়োজন।’
কুনার প্রদেশে ১১ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী শিবিরে বসবাস করছে, যেখানে আফগান রেড ক্রিসেন্ট তাঁবু, গরম খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী সরবরাহ করছে।
আইএফআরসি জানিয়েছে, তাদের ৩১.৩৭ মিলিয়ন ডলারের জরুরি তহবিল আহ্বান এখনো প্রয়োজনীয় অর্থের এক-তৃতীয়াংশও সংগ্রহ করতে পারেনি। অতিরিক্ত অর্থ ছাড়া পরিবার ও বিশেষ করে নারীদের জন্য আশ্রয়, খাদ্য ও সুরক্ষার মতো মৌলিক সহায়তা বাড়ানো সম্ভব হবে না।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সেপ্টেম্বরে সতর্ক করে বলেছিল, অনিরাপদ পরিবেশ, ব্যক্তিগত গোপনীয়তার অভাব ও মৌলিক সেবায় সীমিত প্রবেশাধিকারের কারণে নারী ও শিশুরা বিশেষ সুরক্ষা ঝুঁকির মুখে পড়েছে।
আইএফআরসি আরো জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে বহুমুখী সংকটে আছে—যার মধ্যে রয়েছে ব্যাপক অপুষ্টি এবং ২০২৫ সালে ইরান ও পাকিস্তান থেকে ১৭ লাখেরও বেশি আফগান নাগরিকের ফেরত আসা।
সূত্র: কালের কণ্ঠ










