বগুড়া প্রতিনিধি :
শিল্প ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরুপ শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ পেলেন বগুড়ার ৫ গুণী শিল্পী। শিল্পকলা একাডেমি বগুড়ার আয়োজনে বৃহস্পতিবার(২৭ জুন) বিকাল সাড়ে ৩ টায় এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ শিল্প সংস্কৃতি বিকাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাঙ্খিত লক্ষে এগিয়ে চলেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে সংস্কৃতি বিকাশের বিকল্প নেই। যাঁরা সম্মাননা পেয়েছেন তাদের কাছে জাতি অনেক কিছুই প্রত্যাশা করেন।
জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) মো. আব্দুর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার গুণী শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ জেলা শিল্পকলা একাডেমির অন্যান কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন-কণ্ঠ সংগীত এ মো. আসাদ হোসেন, নাট্যকলায় মো. আয়নাল হক, (লোক সংস্কৃতি) জগদীস চন্দ্র দাস, যন্ত্রসংগীত এ মো. শফিকুল ইসলাম শ্যামল ও নৃত্যকলায় রেবেকা সুলতানা মৌসুমী। প্রত্যক গুণী শিল্পীকে বিশ হাজার টাকার চেক, মেডেল, উত্তরীয় ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা প্রদান শেষে বিকাল ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, অভিভাবকমণ্ডলী, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী সহ বগুড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন।









