জাতীয়

শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত কারাবন্দির মৃত্যু

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সংক্রমণব্যাধি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আশা পাহান (৩৮) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

আশা পাহান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কলন্দরপুর গ্রামের তারোক পাহানের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তিন মাস আগে তার বিয়ে হয়। তার স্ত্রী শিতা রানী।

জানা গেছে, অসুস্থ অবস্থায় কয়েক দিন আগে আশা পাহানকে সংক্রমণব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারারক্ষী আমিনুল।

আশা পাহান পাঁচবিবি থানার একটি মাদক মামলায় কারাগারে ছিলেন।

তার চাচাতো ভাই চঞ্চল পাহান বলেন, মামলার হাজিরা চলাকালে বাড়ির একটি পাগলা শিয়াল আশা পাহানসহ চারজনকে কামড়ে আহত করে। এরপর তার চিকিৎসা চলছিল। পরে মামলার বিচারপ্রক্রিয়া শেষ হলে তাকে ছয় মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
চঞ্চল পাহানের দাবি, যথাযথ চিকিৎসা পেলে আশা পাহান বেঁচে যেতে পারতেন। একই সময়ে শিয়ালের কামড়ে আহত হওয়া অন্য তিনজন সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন বলেও তিনি জানান।