সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

শাহজালালে ৭৯ লাখ টাকার সিগারেট ও স্বর্ণবার জব্দ

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৮২ মিনিট পড়া
শাহজালালে ৭৯ লাখ টাকার সিগারেট ও স্বর্ণবার জব্দ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৭৯ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেট ও স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযানে ১১৮ শলাকা আমদানি নিষিদ্ধ সিগারেট এবং চার যাত্রীর কাছ থেকে ৮৭০ গ্রাম স্বর্ণবার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, ভোর ৫টায় কুয়েত থেকে  কিইউ ২৮৩ বিমান আসার পর বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ  ৮৪ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। যা  ৪২০ কার্টনে পাওয়া যায়। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ৩ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে ওই চারটি  লাগেজ মালিকবিহীন অবস্থায় জব্দ করে। জব্দকৃত সিগারেট ৩০৩ ও ব্লাক ব্র্যান্ডের। শুল্ককরসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা।

এর আগে শুক্রবার রাত ১১টায় শুল্ক গোয়েন্দার অপর একটি দল বিমানবন্দর সার্কেলের সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ইউকে ৫৮৪ বিমানের মাধ্যমে আগত মালিকবিহীন ২টি লাগেজ থেকে ১৭০ কার্টুন সিগারেট জব্দ করে। যেখানে ৩৪ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেট ইসি, ডানহিল, মন্ড, ৩০৩ এবং ব্লাক ব্র্যান্ডের। উক্ত সিগারেটের শুল্ককরসহ মূল্য প্রায় ১০ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত উভয় সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে অপর এক অভিযানে শাহজালাল বিমানবন্দর থেকে ৮৭০ গ্রাম স্বর্ণবার জব্দ করা হয়। রাত ৯টায়  সংযুক্ত আরব আমিরাত থেকে ইওয়াই ২৫৮  ফ্লাইট যোগে আগত চার যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৮৭০ গ্রাম। যাত্রীরা কোনো প্রকার ঘোযণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার সময় বিশেষ কায়দায় শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটের মধ্যে লুকায়িত অবস্থা থেকে শুল্ক গোয়েন্দা দল তা উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণবারের মোট মূল্য প্রায়  ৪৩ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।