সিল্কসিটিনিউজ ডেস্ক:
ট্যাটুর প্রতি ভালবাসার এমন বহর, গোটা শরীর তো বটেই চোখের মণিতেও ট্যাটু করালেন এক যুবক! ইংল্যান্ডের এই যুবকের এমন অদ্ভুত কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় হইহই পড়ে গিয়েছে।
সম্প্রতি ভাইরাল হয়েছে ব্রাইটনের ২৭ বছরের যুবকের এই ছবি। গোটা শরীর-সহ মুখের ভিতরে এবং চোখের মণিতেও ট্যাটু করিয়েছেন তিনি। এছাড়া নাকে এবং ঠোঁটের নীচে স্ট্রেচার্সও ইমপ্লান্ট করিয়েছেন। রাতারাতি নিজের অদ্ভুত চেহারার জন্য হয়ে গিয়েছেন রীতিমতো জনপ্রিয়।

ট্যাটু-আসক্ত তো অনেকেই হয়, কিন্তু এই যুবক যা করলেন তা আর ক’জন করার কথা ভাবেন! তবে তাঁর দাবি, শুধু জনপ্রিয়তা অর্জনের জন্য এই কাজ করেননি তিনি। জানিয়েছেন আসল কারণ।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘ছোটবেলা থেকেই পাবলো পিকাসো-র শিল্প, বিশেষত তাঁর অ্যাবস্ট্র্যাক্ট আর্ট আমায় অনুপ্রেরণা জুগিয়েছে। চোখের ভিতর ট্যাটু করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। কারণ বিশেষজ্ঞদেরও ভুল হয়ে থাকে মাঝেমধ্যে। তাতেও আমি পিছপা হইনি।’’
নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন উক্ত যুবক। ‘‘আমার সারা শরীরে ট্যাটু দেখে মাঝে মধ্যেই রাস্তার লোকে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। খারাপও লাগে। কিন্তু এই অনুভূতি এখন গা-সওয়া হয়ে গিয়েছে। তাঁদের কটূক্তির জন্য আমি আমার বডি মডিফিকেশন কখনই বন্ধ করব না।’’










