সদ্য প্রকাশিত
জাতীয়

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া
র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

নওগাঁয় র‍্যাব হেফাজতে জেসমিনের (৪৫) মৃত্যু এবং তুলেন নেওয়ার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঘটনায় সংশ্লিষ্ট র‍্যাব সদস্যদের সরিয়ে হেডকোয়ার্টারে নিতে বলা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) রিট আবেদনকারী মনজ কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ঘটনায় সংশ্লিষ্ট র‍্যাব সদস্যদের সরিয়ে হেডকোয়ার্টারে নিতে বলেছেন আদালত।

ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে নওগাঁ জেলা জজ আদালতের দুইজন বিচারককে রাখতে বলা হয়েছে।

গত বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানাকে আটক করা হয়। এরপর শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে সহকারী পদে চাকরি করতেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভাষ্য, সুলতানা জেসমিনের নামে প্রতারণার অভিযোগ ছিল। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল।

এদিকে সুলতানা জেসমিনের মৃত্যুর বিষয়টি তদন্তে গত ২৭ মার্চ আইইসির অধীনে তিন সদস্যের কমিটি গঠিত হয়।

কমিটি সুলতানা জেসমিনের বিরুদ্ধে করা অভিযোগ, তাকে আটকের প্রক্রিয়া ও অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়টি পরিপূর্ণভাবে খতিয়ে দেখে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবেন।

র‌্যাব সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, তাদের সংস্থা আইন মেনেই যেকোনো অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আটকের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে র‌্যাবের অভিযান নিয়ে কোনো দুর্বলতা পাওয়া যায়নি। তবে যেহেতু একটি অভিযোগ উঠেছে তাই র‌্যাব সদর দপ্তরও বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠের সামনে থেকে সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। এরপর র‍্যাব হেফাজতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৪ মার্চ সকালে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।