জাতীয়

রেললাইনে বসে ছিলেন বৃদ্ধ, ট্রেনের ধাক্কায় গেল প্রাণ

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুরে ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি এলাকার হাসিল বিলের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার পশ্চিম কলতাপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। তিনি হাসিল বিল থেকে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজ শুক্রবার ভোরে মাছ ধরতে হাসিল বিলে যান জামাল। তিনি বিলের পাশে রেললাইনের ওপর বসে ছিলেন।

এ সময় তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘জামাল উদ্দিন বিল থেকে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

ভোরে মাছ শিকার করতে গিয়ে তিনি রেললাইনে বসে ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’