রেললাইনে ট্রাক বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২৫১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোনাখালী রেলক্রসিংয়ের সামনে বড় গর্তে আটকে গেছে ট্রাক।
আজ সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকা পড়ে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়।
চালক ও স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাক সরাতে পারেননি। রেলক্রসিংয়ের সামনে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে। এর পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ্জামান বলেন, ‘সোনাখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারছে না। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’