অর্থ ও বাণিজ্য

রিজার্ভ চুরির মামলায় আরসিবিসির আবেদন খারিজ

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০২০২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার বিপরীতে বিবাদী পক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে এ আবেদন খারিজ করা হয়। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালের ৩১ জানুয়ারি রিজার্ভ চুরির টাকা আদায়ে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন (আরসিবিসি), সোলায়ার রিসোর্ট ও ক্যাসিনো, মাইডাস রিসোর্ট ও ক্যাসিনো এবং অন্যদের বিরুদ্ধে একটি মামলা করে বাংলাদেশ ব্যাংক। তার কিছুদিন পর বাংলাদেশ ব্যাংকের মামলার বিরুদ্ধে আবার পাল্টা মামলা ঠুকে দেয় বিবাদীপক্ষ।

জানতে চাইলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপদেষ্টা জানান, রিজার্ভ চুরির ঘটনায় বিবাদী পক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এ রায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে। যদিও বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিদেশি একটি মিডিয়া।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মামলার বিষয়বস্তু সংশ্লিষ্ট কোর্টের এখতিয়ারবহির্ভূত- এ মর্মে আরসিবিসি গং যে আবেদন করে তা (forum non conveniens doctrine) অনুযায়ী আদালত খারিজ করে দিয়েছে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, এ চুরি নিউইয়র্কে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠান ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে হয়েছিল এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত, জালিয়াতির মাধ্যমে পেমেন্ট অর্ডার, বিভিন্ন করসপন্ডেন্ট অ্যাকাউন্টে চুরিকৃত অর্থের লেনদেন এবং এসব অ্যাকাউন্ট থেকে দেশের বাইরে অর্থ প্রেরণ সবই নিউইয়র্কে সংঘটিত হয়েছে।

আদালতের রায়ে আরও উল্লেখ করা হয়, ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. অ্যান্নে বাম তার ঘোষণায় দৃঢ়ভাবে উল্লেখ করেছেন, ফেডারেল রিজার্ভ এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি রয়েছে; যাতে ফেডারেল রিজার্ভ বাংলাদেশ ব্যাংককে তার মামলা-মোকদ্দমার ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রদান করবে।

এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট বলেছে, জনস্বার্থের দিকগুলো বিবেচনায় নিউইয়র্কই এ মামলা পরিচালনার জন্য যথাযথ ফোরাম; যেখানে ডিস্ট্রিক্টের একটি ফেডারেল প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক আরসিবিসি ব্যাংক ও জড়িত অন্যদের বিরুদ্ধে করা অভিযোগটি টেকনিক্যাল বিষয় বিবেচনায় ফেডারেল আদালতে বিচারের জন্য গ্রহণ করেনি।

অর্থাৎ এ সিদ্ধান্তের ফলে আরসিবিসি, সোলায়ার, মাইডাস এবং অন্যান্য বিবাদীর বিরুদ্ধে প্রতারণা, চুরি, রূপান্তরের ষড়যন্ত্র এবং অন্য অভিযোগগুলোর বিষয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট (এসডিএনওয়াই)-এর পরিবর্তে নিউইয়র্ক স্টেট আদালতে মামলা দায়ের করা যাবে।

এ ক্ষেত্রে মামলাটি নিউইয়র্কের আদালতের বিচারিক এখতিয়ারভুক্ত প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক আরসিবিসি এবং অন্য বিবাদীদের থেকে ক্ষয়ক্ষতি আদায়ের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।