রাজশাহী

রামেক হাসপাতালের আইসিইউতে যুক্ত হলো অত্যাধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

নিউজ ডেস্ক২৮ জুন ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) পরীক্ষাগারে সংযোজিত হয়েছে অত্যাধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন। এটি বহুজীবাণু শনাক্তকরণ পিসিআর পরীক্ষার (মাল্টিপ্লেক্স পিসিআর) সর্বাধুনিক সংস্করণ, যার মাধ্যমে আইসিইউতে ভর্তি রোগীদের শরীরে সংক্রমণ সৃষ্টিকারী জীবাণু মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শনাক্ত করা সম্ভব হবে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশের কয়েকটি বেসরকারি করপোরেট হাসপাতালে সম্প্রতি এ প্রযুক্তি চালু হলেও কোনো সরকারি হাসপাতালে এটি এই প্রথম সংযোজিত হলো। একই সঙ্গে রাজশাহী ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো হাসপাতালেও এতদিন এ ধরনের প্রযুক্তি ছিল না।

চিকিৎসকরা জানান, আগে সংক্রমণের জীবাণু শনাক্ত করতে দুই থেকে পাঁচ দিন পর্যন্ত সময় লাগত। নতুন এই মেশিনের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই জীবাণুর ধরন নির্ণয় করা সম্ভব হবে। ফলে দ্রুত সঠিক অ্যান্টিবায়োটিক নির্বাচন করে চিকিৎসা শুরু করা যাবে, যা সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, ব্যয়বহুল এই মেশিনটি সরকারি প্রক্রিয়ায় সংগ্রহের চেষ্টা গত চার বছর ধরে চললেও তা সফল হয়নি। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সচেতনতামূলক লেখা প্রকাশের পর অনেক শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তি যোগাযোগ করেন। পরবর্তীতে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মেশিনটি সরবরাহ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ডা. দেবকিশোর গুপ্ত। তিনি মেশিনটির ব্যবহার, কার্যকারিতা এবং আধুনিক জীবাণু শনাক্তকরণ প্রযুক্তি নিয়ে আলোচনা করেন এবং চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশিষ্ট চিকিৎসক ডা. ওয়াসিম হোসেন, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. লতিফুর রহমান অপুসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলের মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীদের সংক্রমণ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমবে, সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত হবে এবং রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন সংযোজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সেবাকে আরও আধুনিক ও কার্যকর করবে এবং সংক্রমণজনিত জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করবে।