
গোলাম সারওয়ার:
রুদ্ধ শিক্ষাদুয়ার।কাঁদছে লাখো শিক্ষার্থী। সব উম্মুক্ত,তারাই বন্দী।বাড়ছে ক্ষোভ। বিক্ষুব্ধ শিক্ষক সমাজ। শুনশান মতিহার ক্যাম্পাস। হাড্ডিসার বুভুক্ষু কুকুরদল। শিক্ষার্থীরা বইয়ের পাতা থেকে অনেক দূরে। হতাশার বিভীষিকায় দগ্ধ তাদের হৃদয়। ভুলে যাচ্ছে তারা মনের গহীনের আকুতি।দীর্ঘ সতের মাস নেই শিক্ষক-শিক্ষার্থীর মেলবন্ধন। নেই শ্রেণীকক্ষে তাদের প্রাণের সাথে প্রাণের সংযোগ।নেই চোখের সাথে চোখের নান্দনিকতা। নেই শিক্ষাদানের সাথে শিক্ষাগ্রহণের চিরকালের সেই রীতি। বিকলাঙ্গ হয়ে যাচ্ছে জাতির ভবিষ্যত।এভাবে আর কতকাল…!
এমনি সময় রুদ্ধ দুয়ার ভেঙে এগিয়ে এলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্রতী চার শিক্ষক। মতিহার ক্যাম্পাসকে আলোড়িত করলেন। আহ্বান জানালেন শিক্ষার্থীদের,”আমরা কেন একঘরে?এসো প্রকৃতির কোলে, এসো জাগিয়ে তুলি বিবেককে। আর নয় বসে থাকা। অন্ধ বিবেকের বদ্ধ ঘরে আর থাকতে চাইনা। আর নয় স্ববিরোধীতার চর্চা। আর নয় হতাশা। এসো প্রতিবন্ধীতার কবল থেকে মুক্ত হই। ফিরে আসি আমাদের প্রিয় মুক্তাঙ্গনে”। শিক্ষার্থীরাও তাঁদের ডাকে সাড়া দিলো। ফিরে এলো চিরপরিচিত তাদের প্রিয় মতিহার ক্যাম্পাসে। বেঞ্চ পেতে গাছের ছায়ায় শুরু হলো ‘প্রতীকী ক্লাস’। রুদ্ধ শিক্ষাদ্বার উম্মোচন হলো।ক্যাম্পাস ফিরে পেল প্রাণ। বৃক্ষরাজি নড়েচড়ে উঠলো।পাতা নেড়ে অভিবাদন জানালো প্রিয় শিক্ষার্থীদের। পাখিরা ডানা ঝাপটে কিচিরমিচির করে আনন্দ প্রকাশ করলো। কাঠবিড়ালির দল লম্ফঝম্প করে স্বাগত জানালো। সাহসী শিক্ষকরা ঘোষণা দিলেন, তাঁরা এই ‘প্রতীকী ক্লাস’ অব্যাহত রাখবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই চার শিক্ষক ইতিহাস সৃষ্টি করলেন। বাংলাদেশে তো নয়ই, এই করোনাকালে পৃথিবীর অন্য কোনও প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য এই ধরনের প্রতীকী কার্যক্রম করেছে কিনা, আমার জানা নেই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ১৩ আগস্ট প্রথমে তাঁর ফেসবুক পোস্টে সপ্তাহে দু’দিন সোম ও মংগলবারে সশরীরে ক্যাম্পাসে ক্লাস নেওয়ার ঘোষণা দেন। অনলাইন ক্লাস প্রসঙ্গে অধ্যাপক মামুন বলেন,”কোন শিক্ষার্থীর চেহারা দেখতে পাইনা,তারা প্রায় কথা বলেনা।একটা ডার্ক স্ক্রিনের সামনে বকরবকর করি।দিনশেষে সবই পন্ডশ্রম মনে হয়।মনে হয় আমিও আমি না,আমার শিক্ষার্থীরাও কেউনা-জাস্ট কিছু ডটডটড্যাশ। মনে হয়,একটা ভূত হয়ে অদ্ভুত উপায়ে ডার্ক স্ক্রিন নামক ভূতের সাথে বসবাস করছি। সিমুলাক্রার এই দুনিয়া আমি চাইনা।আমি চোখে চোখ রেখে পড়াতে চাই। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বুঝতে চাই। আমি মানবিক থাকতে চাই। আর কোন কথা নাই “। তিনি সোম এবং মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের সামনে লিপু চত্বরে গাছতলায় বেঞ্চ বসিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন। এখানে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অংশ নেয়।বিপুলভাবে সাড়া পড়ে।সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। সবার সমর্থন পান।
পরের দিন শনিবার ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর আব্দুল্লাহ আল মামুন তাঁর ফেসবুক পেইজে ঘোষণা দেন, সপ্তাহে ৬ দিন (শুক্রবার বাদে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একাডেমিক আলোচনার জন্য শিক্ষার্থীদের তিনি সময় দেবেন। মাঝেমধ্যে দু-একদিন ব্যত্যয় ঘটতে পারে।
একই দিন সন্ধ্যায় ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক গাছতলায় অথবা খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের ক্লাস নেয়ার ঘোষণা দেন। তিনি বলেন,” শিক্ষাখাত সবচেয়ে অবহেলিত। আমাদের ক্লাস মূলত: একটা প্রতীকী। আমরা সরকারকে বার্তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মেনে যেন দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়”। শনিবার রাতে আরবি বিভাগের শিক্ষক ড. ইফতিখারুল আলম মাসউদ তাঁর ফেসবুক পোস্টে লিখেন,”গত ২৬ মে রাজপথে প্রতীকী ক্লাস নিয়ে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলাম। অন্যথায় গাছতলায় ক্লাস শুরু করবো আমরা”। তিনি উল্লিখিত ৩ শিক্ষককে ধন্যবাদ জানান।
এইসব প্রতীকী ক্লাসে সংহতি প্রকাশ করেন নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর বখতিয়ার আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালেহ হাসান নকীব এবং নাট্যকলা বিভাগের অধ্যাপক কাজী শুসমিন আফসানা।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এক ছাত্র-শিক্ষক সমাবেশে বলেন,”গার্মেন্টস,ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, শপিং মল সবই খোলা। উৎসব হচ্ছে, আয়োজন হচ্ছে, মিছিল হচ্ছে। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ কেন? স্কুল-কলেজ বন্ধ কেন? কারণ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে। তারা কোন প্রতিবাদ করতে পারবেনা। এটা ছাড়া আর কোন কারণ দেখিনা”। তিনি অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান।
সচেতন শিক্ষক সমাজ আমাদের পথ প্রদর্শক।জাতির সংকটময় মুহূর্তে তাদের আহ্বানকে দেশ পরিচালনাকারীরা গুরুত্বের সাথে দেখেন। প্রকৃত শিক্ষক সমাজ আমাদের মাথার তাজ। তাঁরা আমাদের আদর্শ। আমরা মনে করি, জাতির দুর্যোগ মুহূর্তে যারা এগিয়ে আসেন, সরকারকে পরামর্শ দেন, তাঁরাই দেশপ্রেমিক। বর্তমানে সবচেয়ে অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত দেশের শিক্ষা ব্যবস্থা।এর ক্ষতি পুষিয়ে নেয়ার কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করবেন, তারাই প্রকৃত শিক্ষক হিসেবে বিবেচিত হবেন বলে আমি মনে করি। শিক্ষার এই করুণ অবস্থায় নিশ্চয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত চার শিক্ষকের প্রাণ কেঁদেছে। তাই তাঁরা প্রতিবন্ধকতা সত্বেও এই “প্রতীকী” ক্লাসের মাধ্যমে নিদ্রাভঙ্গের চেষ্টা করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের সামনে চিরনিদ্রায় শায়িত আছেন ড. শামসুজ্জোহা। তিনি যুগে যুগে শিক্ষকদের জন্য অনুকরণীয় আদর্শ। শিক্ষার্থীদের তিনি ছিলেন পরম আশ্রয়স্থল। তাঁর রেখে যাওয়া কিছু সহকর্মী এখনো এই বিশ্ববিদ্যালয়ে জেগে আছেন। আমি মনে করি, এই চার শিক্ষক ড. জোহার আদর্শে অনুপ্রাণিত। তা না হলে শিক্ষার্থীদের জন্য তাঁদের মন কখনোই কাঁদতো না। এইসব নিবেদিতপ্রাণ প্রকৃত শিক্ষানুরাগীই পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রেরণার উৎস। যতদূর জানি, এই চার শিক্ষক কোনো তোষামোদের রাজনীতির মধ্যে থাকেন না। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ও হালুয়া-রুটির রাজনীতিতে তাঁদের দেখা যায় না।
আমরা আশা করবো, জাতির এই ক্রান্তিলগ্নে ড. জোহার আদর্শে উজ্জীবিত হয়ে অন্যান্য শিক্ষকগণ এগিয়ে আসবেন। চরম ক্ষতিগ্রস্ত শিক্ষাখাতকে পুনর্গঠনের জন্য এবং জাতির মেরুদন্ডকে শক্তিশালী করার লক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার শান্তিপূর্ণ কার্যক্রমে সামিল হবেন। সমস্ত কিছু খোলা, এমনকি ১৯ আগস্ট থেকে পর্যটন কেন্দ্রসমূহ খোলারও অনুমতি দিয়েছে সরকার।তবে কোন যুক্তিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী বুধবার নির্দেশ দিয়েছেন “যত দ্রুত একটা কমফোরটেবল সিনারি এলে স্কুল কলেজ খুলে দেয়া যায়”। এই কমফোর্টেবল সিনারি কবে হবে, কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না।
করোনা সংক্রমনের হার সিংগেল ডিজিট কবে হবে, বয়সভিত্তিক টিকা প্রদান কবে শেষ হবে, শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে খোলা হবে, কোন পদ্ধতিতে ক্লাস নেয়া হবে- এসব বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন পরিকল্পনা কোন তরফ থেকে আমরা জানতে পারিনি।সে হিসেবে অনুমান করা যায় ডিসেম্বরের আগে কোনভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব নয়।
এমতাবস্থায় প্রিয় শিক্ষকগণ, আপনারা আর ঘরে বসে থাকবেন না। আপনারা পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ন্যায় “প্রতীকী” প্রতিবাদ জানিয়ে শিক্ষা খাতকে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দিয়ে, প্রয়োজনে পর্যায়ক্রমে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মিছিলে অংশ নিন।
লেখক : ডেপুটি রেজিস্ট্রার (অব.), রাবি









