জাতীয়

রান্নাঘর থেকে কোবরা সাপ উদ্ধার

নিউজ ডেস্ক১২ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জানাউড়া গ্রামে তারেক আহমেদের বাসার রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

জানা যায়, ওই বাসার রান্নাঘর পরিষ্কার করার সময় মহিলারা ফুস-ফুস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের ভেতর একটি ইঁদুরের গর্তে একটি সাপ ফণা তুলে বসে থাকতে দেখেন। এতে তারা আতঙ্কিত হয়ে পরেন। মহিলাদের চিৎকার শুনে তারেক আহমেদ রান্না ঘরে এসে সাপটিকে মারার চেষ্টা করেন। কিন্তু সাপের হিংস্র আচরণ দেখে তিনি আর ভয়ে কাছে যাওয়ার সাহস পাননি।

পরে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানানো হয়। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে যান। তারা গিয়ে দেখতে পান, সাপটি গর্তের ভিতরে অবস্থান করছে এবং এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ। যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।

তারা সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করে নিয়ে আসেন। পরে উদ্ধারকৃত সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক জানান, উদ্ধারকৃত কোবরা সাপটি আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করা হবে।