সিল্কসিটিনিউজ ডেস্ক :
চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্ব শুরু আজ। শেষ আটের লড়াইয়ে প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতের দুই ম্যাচের একটিতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখের।
প্রথম লেগের হাইভোল্টেজ ম্যাচে বায়ার্নকে সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।

দারুণ ছন্দে রয়েছে দুই দলই। লা লিগা শিরোপা ‘প্রায় হাতছাড়া’ হলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে বরাবরই সফল লস ব্লাংকোরা।
তবে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দারুণ ছন্দে আছে বায়ার্ন। পুরো টুর্নামেন্টে তাদের হেরেছে একটি মাত্র ম্যাচ।
বুন্দেসলিগা শিরোপার দোরগোড়াতেও ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষা করছে দু’দলের ভক্তরা।
দুই দলেই আছে ইনজুরি সমস্যা। ম্যাচে ইংলিশ তারকা হ্যারি কেইনকে মাঠে নাও পাওয়া যেতে পারে।
এদিকে রিয়ালেও প্রথম একাদশে থাকছেন না থিবো কর্তোয়া। রদ্রিগো ও ফেরল্যান্ড মেন্ডিও আছেন সেই তালিকায়।
সবকিছু ছাপিয়ে এগিয়ে কে
দু’দল মুখোমুখি হয়েছে ২৮বার, এতে রিয়ালের ১৩ জয়ের বিপরীতে বায়ার্ন মিউনিখের আছে ১১ জয়। আজকের ম্যাচ দিয়ে দুই দল ইউরোপের মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার মুখোমুখি হওয়ার রেকর্ড গড়বে।
চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ৪১তম বার কোয়ার্টার ফাইনালে খেলছে রিয়াল, ৩৬ বার কোয়ার্টার ফাইনাল খেলে দুইয়ে বায়ার্ন।
দুই লেগের লড়াইয়ে সর্বশেষ চার দেখাতেই বায়ার্নকে পেছনে ফেলে পরের রাউন্ডে উঠেছে রিয়াল। সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমের সেমিফাইনালে বায়ার্নকে হারিয়েছিল জার্মানরা। আর শেষ চারবার বায়ার্নকে হারিয়ে শিরোপাই নিজেদের করে নিয়েছিল রিয়াল।
এছাড়া বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত রিয়াল। স্প্যানিশ ক্লাবের বিপক্ষে সর্বশেষ আটটি দুই লেগের লড়াইয়ের সাতটিতেই হেরেছে বায়ার্ন। বায়ার্নের বিপক্ষে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলে তিনবারই সেমিফাইনালে গেছে রিয়াল।
রিয়াল মাদ্রিদ-বায়ার্নের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২। ম্যাচই শুরু হবে রাত ১টায়।










