রাজশাহী

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচনের লক্ষ্যে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।

সম্মেলনে বক্তারা নেতৃত্ব নির্বাচন ও মহানগরীর সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন। এ সময় দায়িত্বশীল সদস্যদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্বশীলদের কাজ করতে হবে। ঈমানের প্রতিফলন মানুষের আচরণে ফুটে উঠতে হবে। দায়িত্বশীলদের বিনয়ী, নম্র ও উদার হতে হবে। তাঁদের মতে, ইসলামের বিজয় বিনয়ের মাধ্যমেই অর্জিত হবে।

সম্মেলনে জানানো হয়, রাজশাহী মহানগরীর অন্তর্ভুক্ত সাধারণ সদস্যদের সরাসরি গোপন ভোটে আগামী দুই বছরের জন্য মহানগর জামায়াতের আমীর নির্বাচিত হবেন।