নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজে ভুমিকম্পে উদ্ধার কার্যক্রমের মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহীদ কামারুজ্জামান ভবনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবির।
এছাড়াও কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এ সময় অগ্নিনির্বাপন ও বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার এর মহড়া অনুষ্ঠিত হয়। আগুন নিভানো থেকে শুরু করে পানিতে ডোবা মানুষ উদ্ধার এবং এ্যাম্বুলেন্স সেবা সহ বিভিন্ন ভাবে ফায়ার সার্ভিস কর্মীরা কিভাবে উদ্ধার তৎপরতা চালায় তা প্রদর্শন করা হয়। পাশাপাশি বিধ্বস্ত ভবনে থেকে কিভাবে নিজেদের আত্মরক্ষার চেষ্টা করতে হয় তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকার ডাইরেক্টর (অপারেশনাল ও মেইনটেন্স) মেজর এ.কে.এম শাকিল নেওয়াজ বলেন,সন্তানদের ব্যাপারে অভিভাবকদের খোঁজ খবর রাখতে হবে। ক্লাসের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকান্ডে যুক্ত করতে হবে। বিশেষ করে জনসেবামূলক কাজে সম্পৃক্ত করতে হবে। তাহলে কোন শিক্ষার্থী বা মানুষ বিপথে যাবেনা। কোন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হবে না। কোন জঙ্গি হিসেবে গড়ে উঠবেনা। ফলে তাদের দ্বারা সমাজের বা দেশের কোন ক্ষতি হবে না। বরং তাদের এসব অতিরিক্ত কর্মকাণ্ড বা প্রশিক্ষণ শিক্ষার্থীদের কর্মজীবনে অনেক কাজে দিবে।
স/শ









