রাজশাহী

রাজশাহীতে রিকশা চালককে মারধরের ভিডিও ভাইরাল, কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক৫ জুলাই ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শাহমখদুম থানার কালুরমোড় গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. রাকসান, একই থানার লাম, আবিদ, সাব্বির ও প্রান্ত এবং চন্দ্রিমা থানার এলাকার জাহিদুল।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে গত ৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানার ডাবতলা থেকে সিটিহাটগামী সড়কের পাশে নিষিদ্ধ ঘোষিত পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা ১৭ বছর বয়সী এক রিকশাচালকের গতিরোধ করে। পরে লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন কেনার ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং রিকশার মিটার ভাঙচুর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন শিশু হওয়ায় শিশু আইনের বিধান অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, মহানগর এলাকায় যেকোনো অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।