রাজশাহী

রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-এস্কাফসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর বাঘা ও চারঘাটে পৃথক অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব মাদক উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছেন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওই গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালিয়ে জিনারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির ডান হাত থেকে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বাঘার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে।

এ সময় তাঁর সহযোগী সাগর (৪৫) পালিয়ে যান। তিনি হামিদকুড়া গ্রামের মৃত সিফাত প্রামাণিকের ছেলে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, গত ৬ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় রঞ্জয় মণ্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামের দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রঞ্জয় ওই গ্রামের হীরেন মণ্ডলের ছেলে। মাবুদ একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক সাগরের বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা করা হয়েছে।