সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে ঢেউ টিনের  ট্রাকে গাঁজার বস্তা

নিউজ ডেস্ক২৮ মে ২০২২২ মিনিট পড়া
রাজশাহীতে ঢেউ টিনের  ট্রাকে গাঁজার বস্তা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ঢেউটিন ভর্তি একটি ট্রাকে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৮ মে) ভোরে মেট্রোপলিটন এলাকার বেলপুকুর বাইপাস মোড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে ওই ট্রাক থেকে এগুলো উদ্ধার করে। এ ঘটনায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের দুইজনকে আটক এবং গাঁজা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার খড়তা মধ্যপাড়ার গ্রামের আইয়ুব আলীর ছেলে আল-আমিন (৩০) ও পবার নওহাটা পিল্লপাড়ার গ্রামের আবদুস সোবহানের ছেলে মুজাম্মেল হক (৩৬)।

অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে- কুমিল্লা থেকে ঢেউটিন ভর্তি ট্রাকে কৌশলে গাঁজা নিয়ে রাজশাহীতে পাচার করছে একটি চক্র। পরে ডিবি পুলিশের ওই দল বেলপুকুর বাইপাস মোড়ে অবস্থান নেয় এবং ভোর সোয়া ৫টার দিকে ওই ট্রাকটি সেখানে পৌঁছালে থামার সংকেত দেয়। এ সময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাক চালক আল-আমিন ও তার সহকারী মুজাম্মেল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রাজশাহী শহরের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করার উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছিল বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জি/আর