সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে বাবা-ছেলেকে নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক৯ মার্চ ২০১৮৩ মিনিট পড়া
রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে বাবা-ছেলেকে নির্যাতনের অভিযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার (এসআই) বিরুদ্ধে বাবা ও ছেলেকে নির্যাতনের অভিযোগ ওঠেছে। নগরীর তেরখাদিয়া উত্তরপাড়ায় প্রেস কর্মচারী রনি আহম্মেদ ও তার বাবা নাইমুল শেখকে বেধড়ক পিটিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। শুধু পিটিয়েই ক্ষান্ত হননি তিনি। স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে নির্যাতিত রনির কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। আর নির্যাতনের প্রমাণ লোপাট করতে সাদা কাগজে নিয়েছেন স্বাক্ষর।

বুধবার গভীর রাতে রাজপাড়া থানার এসআই আবদুর রউফ এ ঘটনা ঘটান। নির্যাতনের শিকার রনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইনের প্রেস কর্মচারী। আর তার বাবা নির্যাতিত নাইমুল শেখ একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর কাজ করেন। নির্যাতিত বাবা এবং ছেলে উভয়েই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নির্যাতনের শিকার রনি জানান, তিনি বুধবার রাতে প্রেসে কাজ করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে ফোন আসে। ফোনে জানতে পারেন পুলিশ তার বাবা নাইমুল শেখকে আটক করেছে। সংবাদ পেয়ে তিনি প্রেস থেকে দ্রুত বাড়ি যান। সেখানে উপস্থিত এসআই রউফের কাছে কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা তার ওপরে ক্ষিপ্ত হন। এ সময় ওই পুলিশ কর্মকর্তা কোনো কারণ ছাড়াই পুলিশের কাজে বাধা দেয়ার কথিত অভিযোগ এনে তাকে এবং তার বাবাকে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় এলাকাবাসী নির্দোষ দাবি করলে পুলিশ তাকে ও তার বাবাকে ছেড়ে দেন। এর মধ্যেই পুলিশ কর্মকর্তা রনির পকেটে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেন।

রনি আরও জানান, তার বড় ভাই রিংকুর সঙ্গে বুধবার রাতে প্রতিবেশী এক পরিবারের ঝামেলা হয়। এ ঘটনায় প্রতিবেশী ওই পরিবারের লোকজন টহল পুলিশকে সংবাদ দেন। এ ঘটনার জেরে পুলিশ এসে তার ভাই রিংকুকে বাড়িতে না পেয়ে তার বাবা ও তাকে মারধর করেন।

এলাকাবাসী জানান, এ ঘটনার সময় নগরীর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. টুটুল উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তা রউফ কাউন্সিলর টুটুলের সামনেই তাদের মারধর করে টাকা ছিনিয়ে নেয় ও জোর করে সাদা কাগজে সই করে নেয়।

এ বিষয়ে কাউন্সিলর টুটুল বলেন, মারধরের ঘটনা সত্য। টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি আমি বলতে পারব না। তবে পুলিশ সাদা কাগজে সই করিয়ে নিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআই রউফ টাকা নেয়া ও নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, সেখানে কিছু ভুলবোঝাবুঝি হয়েছিল। স্থানীয় কাউন্সিলরও উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে যেন কোনো সমস্যা না হয়, এ কারণে কাগজে স্বাক্ষর নেয়া হয়েছে।

যোগাযোগ করা হলে নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে রউফকে বৃহস্পতিবার বিকালেই নগরীর বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আমি প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করছি। এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করা হবে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: যুগান্তর