সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মৃত ইউনুস সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮), আ. রাজ্জাক শেখের ছেলে মো. সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুরের খোকন শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মো. আমির শেখের ছেলে মো. ফিরোজ শেখ।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ইমরান সরদারের পকেট থেকে ৭.৬৫ মি.মি. বোরের একটি বিদেশি পিস্তল, সিয়াম শেখের পকেট থেকে একই বোরের আরেকটি বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আসামিদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট, একটি বাটন ফোন, ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
ডিবির ওসি আরো জানান, গ্রেপ্তারদের মধ্যে সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা; জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ ৯টি মামলা এবং ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
উদ্ধার করা অস্ত্রের ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।










