জাতীয়

রাঙামাটিতে আট শতাধিক মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাঙামাটিতে আট শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী রাঙামাটি সদর হাসপাতালে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। এ সময় রাঙামাটির জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবরসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জোন কমান্ডার চিকিৎসাসেবা নিতে আসা অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের শারীরিক অবস্থা, চিকিৎসাসেবার মান এবং প্রয়োজনীয় ওষুধপ্রাপ্তির বিষয়ে খোঁজখবর নেন।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত আট শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন। এ সময় চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা, পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা এবং স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। বিশেষ করে দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য চিকিৎসা ও যাতায়াতের ব্যয় অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়।

এ পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।