সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

রাগেন না, কথার আগে হাসেন, তিনিই বাংলাদেশের মহামহর্ষি!

নিউজ ডেস্ক৮ জুন ২০২৫৪ মিনিট পড়া
রাগেন না, কথার আগে হাসেন, তিনিই বাংলাদেশের মহামহর্ষি!

অনিন্দ্য জানা

মিরপুরের সেই সকালটা এখনও মনে পড়ে। ছবির মতো। ২০০৬ সালের নভেম্বর। বাংলাদেশে হালকা-হালকা শীত পড়েছে। কিন্তু বহুতল গ্রামীণ ব্যাঙ্কের উচ্চকোটির ঘরে আতিথেয়তার ওম ঘুরঘুর করছে পোষা বেড়ালের মতো।

টেবিলের উল্টোদিকে যিনি বসে আছেন, তাঁর পরনে হাতি-পা পাজামা এবং চেক চেক কুর্তা। উপরে একটা অফ হোয়াইট জহরকোট চাপানো। জন্ম ১৯৪০ সালে। এখন তিনি চুরাশি। আগামী ২৮ জুন পঁচাশিতে পদার্পণ করবেন। হিসেব করে দেখছি, মিরপুরের সেই সাক্ষাতের সময় তিনি ছিলেন ছেষট্টি। সদ্য নোবেল পেয়েছেন। তখন তাঁকে ঘিরে এক অলৌকিক বিভা। সারা দুনিয়ার সংবাদমাধ্যম ছোঁক ছোঁক করছে একান্ত সাক্ষাৎকারের জন্য।

সেই ভনভনে ভিড়ে আমিও গিয়ে সেঁধিয়েছি। এবং কিমাশ্চর্যম, একান্ত সাক্ষাৎকারের একটা সময়ও পেয়ে গিয়েছি। আসলে গিয়েছিলাম ঢাকায় ফরাসি ফুটবলার জিনেদিন জ়িদানের সফর কভার করতে। কিন্তু সেই গঙ্গাকে মর্ত্যে আনার ‘ভগীরথ’ তো তিনিই। জ়িদানের সফর সংক্রান্ত রোজকার ডেসপ্যাচ না-হয় কলকাতায় আনন্দবাজার পত্রিকার বার্তা বিভাগে পাঠালাম। কিন্তু নোবেলজয়ীর সাক্ষাৎকারের একটা খাপ খুলে রাখব না? হাজার হোক, অমর্ত্য সেনের পরের বাঙালি নোবেলজয়ী তো তিনিই।

কেন জানি না, বাংলাদেশে মুহাম্মদ ইউনূসকে সকলেই ‘সার’ বলে ডাকেন। তাঁর বয়স এবং সামাজিক উচ্চতার কারণেই সম্ভবত। কিন্তু তখন ‘সার’-কে পাওয়া এক দুর্ঘট ব্যাপার। একে নোবেলজয়ী। তার উপর জ়িদানের পোঁচ। কিন্তু ওই যে বলে না, সাতশো শকুন মরে একটা রিপোর্টার হয়! খুব উঁচু থেকে লক্ষ্যবস্তুর উপরে কড়া নজর রাখে। ফাঁক পেলেই ঝপ করে এসে বসবে। তো জ়িদান সংক্রান্ত একটা অনুষ্ঠানে ধরে ফেলা গেল ইউনূসের ভাই মুহাম্মদ জাহাঙ্গিরকে। লম্বাটে চেহারা এবং কাঁধে ঝোলা ব্যাগের জাহাঙ্গির পরামর্শ দিলেন, তার পরদিন সকাল সাড়ে ৯টা থেকে মিরপুরের গ্রামীণ ব্যাঙ্কে ‘অ্যাভেলেব্‌ল’ থাকতে।

সেই ‘অ্যাভেলেব্‌ল’ হয়েই ইউনূসের সাক্ষাৎকার নেওয়া। প্রায় উনিশ বছর আগের কথা। সাক্ষাৎকারের বিস্তারিত মনে থাকার কথা নয়। তবু একটা বিষয় ভুলিনি। তাঁর গ্রামীণ ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে বেশ কিছু অপ্রিয় এবং চোখা প্রশ্ন করেছিলাম। কিন্তু ইউনূস এক ছটাকও রাগেননি। মুখে হাসি ধরে রেখে জবাব দিয়েছিলেন। বলা বাহুল্য, সে জবাব তাঁর সংস্থা সম্পর্কে যাবতীয় অভিযোগকে নস্যাৎ করেই দেওয়া। কিন্তু রেগে যাননি। আরও যেটা মনে পড়ে, প্রত্যেকটি জবাব দেওয়ার আগে পানের ছোপ-লাগা দাঁত বার করে একগাল হেসেছিলেন। সে প্রশ্ন তাঁর প্রিয় হোক বা অপ্রিয়।

বিজ্ঞজনেরা বলে গিয়েছেন, কথার আগে যাঁরা হাসেন এবং কোনও কথাতেই রেগে যান না, তাঁরা মহর্ষি স্তরের হন। সেটা সেই ২০০৬ সালে তাঁর সঙ্গে কথা বলতে বলতেই মনে হয়েছিল। উনিশ বছর পরে এসে মনে হচ্ছে, মহর্ষি তো বটেই। মহামহর্ষি বললেও বাড়াবাড়ি হবে না।

শেখ হাসিনা তাঁকে জেলে পাঠানোর বন্দোবস্ত প্রায় করেই ফেলেছিলেন। সেখান থেকে খেলা ঘুরিয়ে দিয়েছেন। হাসিনা উৎখাতের পর তিনিই বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। বকলমে প্রধানমন্ত্রীই। ভাবা যায়! কিন্তু এহ বাহ্য, তার পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধান ব্যবসায়ীও। ইউনূসের বিভিন্ন কাহিনি এখন বাংলাদেশের বিভিন্ন মহলে ঘুরঘুর করে। অনেকে বলেন, ইউনূস গ্রামীণের নামে ৪,০০০ কোটি টাকার একচেটিয়া ব্যবসা করিয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে গ্রামীণের বকেয়া ছিল ৬৬৬ কোটি টাকা। ইউনূস ক্ষমতায় এসেই সেটা প্রথমে মকুব করিয়েছেন। গত তিন-চার মাসের মধ্যে গ্রামীণের নামেই তিন-চারটি লাইসেন্স নিয়েছেন। গ্রামীণ ফোন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ, তাঁর সরকারই তাঁর সংস্থাকে বিবিধ সুবিধা পাইয়ে দিয়েছে। এ যদি খেলা ঘোরানো না হয় তো কোনটা?

হাসিনার প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) ইউনূস প্রথম গ্রামীণ ফোনের লাইসেন্স পেয়েছিলেন। নামমাত্র ফি দিয়ে। কারণ, সরকারকে তিনি বলেছিলেন, ওই ফোন গ্রামের মহিলাদের জন্য, গ্রামের মহিলাদের ক্ষমতায়নের জন্য। কিন্তু হাসিনার সঙ্গে ক্রমশ তাঁর সম্পর্কের অবনতি হতে শুরু করে। তার কারণ হিসেবে অনেকে আমেরিকার সঙ্গে ইউনূসের সদ্ভাবের কথা বলেন। কারণ বা ব্যাখ্যা যা-ই হোক, ঘটনা হল, হাসিনা-ইউনূস সম্পর্কে ক্রমশ এক অনপনেয় দূরত্ব তৈরি হয়। সে দূরত্ব এতটাই ছিল যে, গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে ইউনূসকে শো কজ় করে বাংলাদেশ সরকার। গ্রামীণ ব্যাঙ্ক বাংলাদেশ সরকারের খাতায় নথিভুক্ত। অর্থাৎ, বাংলাদেশ সরকার ব্যাঙ্কে তাদের মনোনীত চেয়ারম্যান বসানোর ক্ষমতা রাখে। কিন্তু ইউনূস ব্যাঙ্কের এগ্‌জ়িকিউটিভ পদ থেকে সরতে চাননি। সেই কারণে সরকার তাঁকে শো কজ় করেছিল। কিন্তু ইউনূস, ওই যাকে বলে, মহামহর্ষি। তিনি গ্রামীণ ব্যাঙ্কের এজিএম ডাকেন। ব্যাঙ্কের গ্রহীতারা সব অজগ্রামের মহিলা। তাঁদের দিয়ে প্রস্তাব পাশ করিয়ে ইউনূস শীর্ষপদে থেকে যান। শুধু তা-ই নন, উল্টে সরকারের বিরুদ্ধে আদালতে যান। যদিও আদালত বলেছিল, সরকার তাদের আইন অনুযায়ীই চলেছে। তার পর থেকেই নাকি ইউনূসের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা আরও বাড়ে।

আমরা অবশ্য এগুলো বিশ্বাস করি না। হাজার হোক, ‘সার’ নোবেলজয়ী। গুণিজন। কিন্তু ‘সার’-এর নিন্দকেরা বলে, তাঁকে নাকি নোবেল পুরস্কারের জন্য ‘তৈরি’ করা হয়েছিল। প্রথমে পেয়েছিলেন ম্যাগসাইসাই। তার পরে আরও বিবিধ আন্তর্জাতিক পুরস্কার। সেই ভাবেই নাকি তিনি নোবেলপ্রাপ্তির গোকুলে বেড়েছিলেন। সূত্র: আনন্দবাজার