নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সদ্য সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে এ যাবতকালের সর্বোচ্চ ৪২.৪৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরের তুলনায় মুনাফার এ পরিমাণ প্রায় ২.০৭ কোটি টাকা বেশি। প্রসংগত উল্লেখ্য যে, ব্যাংক স্বল্প সুদে কৃষি ঋণ, মসলা জাতীয় ঋণ, দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে ঋণ, মুক্তিযোদ্ধাদের বিশেষ ঋণ, ১০ টাকার হিসাবধারীদের ঋণসহ সরকারের বিভিন্ন সেবামূলক কর্মসূচি পরিপালন সত্বেও এই মুনাফা অর্জন করেছে।
রাকাবকে মুনাফা অর্জনকারী এবং স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে অর্থবছরের শুরুতেই ব্যাংক ব্যবস্থাপনা বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা প্রদান করেন। এর ফলে ব্যাংকের ৩৮১টি শাখার মাধ্যমে বছরের বিভিন্ন সময় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি, ঋণ মেলা, ঋণ আদায় মহাক্যাম্প, আমানত হিসাব খোলা মেলার সফল আয়োজনের মাধ্যমে ২৩৫৯ কোটি টাকা (লক্ষমাত্রার ১০৭%) ঋণ বিতরণ, শ্রেণীকৃতসহ মোট ২৫২৯ কোটি টাকা (লক্ষমাত্রার ১২৭%) ঋণ আদায় করা হয় এবং ব্যাংকের আমানত সংগ্রহ ৫২০১ কোটি টাকায় উন্নীত হয়। এছাড়াও বার্ষিক হিসাব শেষে লোকসানী শাখার সংখ্যা ১৭টি হ্রাস পেয়ে ৪৬টিতে দাঁড়িয়েছে, যা ব্যাংকের একটি উল্লেখযোগ্য অর্জন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৭-২০১৮ অর্থবছরের শুরুতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকদের সুচিন্তিত দিক-নির্দেশনা এবং ব্যাংক ব্যবস্থাপনার দক্ষ নেতৃত্বে ব্যাংক এ মুনাফা অর্জন করতে সক্ষম হয়। ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম এবং ব্যাংক ব্যবস্থাপনার নিবিড় তদারকির ফলে এ সফলতা অর্জিত হয়। এ অভুতপূর্ব সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।









