নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের(রাকাব) নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন বিষ্ণু চন্দ্র সাহা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন বলে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে গত ৩০ এপ্রিল তিনি রাকাবে যোগদান করেন।
বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি রূপালী ব্যাংক লিমিটেড-এ মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রী অর্জন করে CSD থেকে প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে A to Z কম্পিউটার সার্ভিসেস লিমিটেডে সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে কাজ করেন এবং ১৯৯৫ সালে তিনি রূপালী ব্যাংকে পিসি সাপোর্ট এনালিস্ট হিসেবে যোগদান করে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
রূপালী ব্যাংকে চাকুরিকালীন সময়ে তিনি ব্যাংকের সকল শাখায় CBS বাস্তবায়নসহ ATM ও POS সার্ভিস চালু করেন। বিষ্ণু চন্দ্র সাহা কুমিল্লা জেলার আওতাধীন কোতয়ালী থানার দেশওয়ালীপট্টি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মালয়শিয়া, ভারত, শ্রীলংকা ও নেপালসহ দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
স/শ










