সিল্কসিটিনিউজ ডেস্ক :
চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে র্যাব-৭ সদস্যরা অংশ নেন।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াপাড়া এলাকার মরহুম খায়েজ আহমদের ছেলে কামাল উদ্দিন এবং মো. শফির ছেলে সোহেল।

অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি দেশীয় তৈরি দুইনলা ও একনালা বন্দুক, একটি এয়ারগান, ১০টি কিরিচ, ১৫টি কার্তুজ, ৪টি রামদা, ২টি দামা, ২টি দা, ৫টি ছুরি, ৮টি অবৈধ লাঠি ও ৩টি চাইনিজ কুড়াই, বিদেশি মদ এক বোতল। এছাড়া মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে র্যাব-৭ লে. কর্নেল (মিডিয়া) হাফিজুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গণনা শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। তবে মো. কামালের নামে তিনটি মামলা রয়েছে। তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
সূত্র: যুগান্তর









