জাতীয়

রশি টানাটানিতে জমে উঠল লালমাইয়ের পহেলা বৈশাখ

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে কুমিল্লার লালমাইয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলার আয়োজন করা হয়েছে।

পহেলা বৈশাখে আয়োজিত এ খেলাকে কেন্দ্র করে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় খেলা শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। দুই হাজার এক টাকা করে এন্ট্রি ফি দিয়ে উপজেলার মোট ৮টি দল খেলায় অংশ নেয়।

প্রতি দলে ৭ জন করে খেলোয়াড় রশি টেনেছে।
প্রতিযোগিতায় জয়নগর গ্রামের মো. শাহ আলমের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় বাগমারা চেঙ্গাহাটার মানিক মিয়ার দল এবং তৃতীয় স্থান অধিকার করে হাতিলোটা গ্রামের জালালের দল।

বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর, রানার আপ দলকে একটি বাইসাইকেল এবং তৃতীয় স্থান অধিকারী দলকে একটি টেবিল ফ্যান দেওয়া হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হোসেন।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মজুমদার, বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়াজী, লালমাই উপজেলা যুবদলের সদস্য মো. বিল্লাল হোসেন প্রমুখ।