সিল্কসিটিনিউজ ডেস্ক :
টলিউড জয় করার পর এবার কোয়েল মল্লিকের গন্তব্য সংসদ। তৃণমূলের রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর, সপ্তাহের শুরুতেই কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছেন এ অভিনেত্রী। সাথে ছিলেন বাবা রঞ্জিত মল্লিক, ছেলে কবীর ও মেয়ে কাব্য।
সিনেমার জগত থেকে রাজনীতির আঙিনা—মেয়ের এই বড় পরিবর্তনে বাবা হিসেবে রঞ্জিত মল্লিকের দৃষ্টিভঙ্গি বেশ পরিষ্কার।

তিনি মনে করেন কোয়েল যথেষ্ট অভিজ্ঞ ও বিবেকবান। তিনি জানান, কোয়েল এখন অনেক বড় ও বুঝদার মেয়ে। আলাদা করে তাকে কিছু শেখানোর প্রয়োজন নেই।
বাবা হিসেবে তিনি শুধু একটিই পরামর্শ দিয়েছেন—যাই করো না কেন, যেন সৎ পথে থেকে ভালো কাজ করা হয়।
কোয়েল বরাবরই খুব ঠাণ্ডা মাথায় ও বুদ্ধি দিয়ে কাজ করেন, রাজনীতির ক্ষেত্রেও তিনি সেই পথেই চলবেন বলে আশাবাদী তার পরিবার।
রাজনৈতিক ব্যস্ততার মাঝেই মল্লিক বাড়িতে শুরু হয়ে গিয়েছে উৎসবের মেজাজ। নাতি-নাতনিদের নিয়ে দোল খেলার প্রস্তুতি নিচ্ছেন রঞ্জিত মল্লিক। আপাতত রাজ্যসভার লড়াইয়ের আগে পরিবারের সকলের প্রার্থনা একটাই—কোয়েল যেন নিষ্ঠার সাথে তার নতুন দায়িত্ব পালন করতে পারেন এবং সবাই সুস্থ থাকেন।
সূত্র : আনন্দবাজার









