সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রংপুরের প্রয়াত বিএনপি নেতা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের স্ত্রী সুফিয়া হোসেন।
রবিবার (১২) তিনি দলীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় সুফিয়া হোসেন জানান, তিনি তার প্রয়াত স্বামীর আদর্শকে ধারণ করে রাজনীতিতে এগিয়ে যেতে চান।
তিনি বলেন, ‘আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। দলের দুঃসময়ে রংপুর বিএনপিকে সুসংগঠিত রেখে নেতৃত্ব দিয়েছেন। আমি তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।
’
এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এক জনসভায় সুফিয়া হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য, মোজাফফর হোসেন রংপুর মহানগর বিএনপির সভাপতি ছাড়াও দলের কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর একটি দলীয় অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।










