ছবিঘর

যে শর্তে ৯৬-এর সিক্যুয়াল আনবেন নির্মাতা

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণী সিনেমার অতি জনপ্রিয় রোমান্টিক ড্রামা ‘৯৬’ দর্শকের হৃদয়ে এখনো বিশেষ জায়গা দখল করে আছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবির সাফল্যের সাত বছর পর অবশেষে সিকুয়েলের পরিকল্পনা করছেন পরিচালক সি প্রেম কুমার। ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য লেখা শেষ করেছেন তিনি। তবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন—মূল চরিত্রে বিজয় সেতুপতি ও তৃষা ছাড়া এই ছবির দ্বিতীয় পর্ব তিনি করবেন না।

প্রথম ছবিতে দেখা গিয়েছিল ট্রাভেল ফটোগ্রাফার রামকে, যে স্কুলের বন্ধুদের রিইউনিয়নে গিয়ে মুখোমুখি হয় পুরোনো প্রেম জানুর সঙ্গে। স্কুলজীবনের অসম্পূর্ণ প্রেম, বিচ্ছেদের স্মৃতি আর দীর্ঘ সময় পরও অটুট টান দর্শককে ভাসিয়ে নিয়ে যায় আবেগে। সাদামাটা অথচ জীবন্ত দৃশ্যায়ন ও রাম-জানুর চিরায়ত প্রেমকাহিনি সিনেমাটিকে দিয়েছে কালজয়ী মর্যাদা।

নির্মাতা জানিয়েছেন, নতুন চিত্রনাট্যের কাহিনি এগোবে মূল গল্পের ১০ বছর পরের সময় থেকে।

দীর্ঘদিন ধরেই দর্শকরা সিকুয়েলের দাবি জানিয়ে আসছিলেন। সেই চাহিদা মেটাতে সময় নিয়ে ভেবেছেন প্রেম কুমার। তাঁর ভাষায়, দ্বিতীয় পর্বের গল্প প্রথমটির চেয়েও শক্তিশালী, এমনকি এটি তাঁর লেখা সেরা চিত্রনাট্য বলে মনে হয়েছে। 

চিত্রনাট্য শোনার পর টিমের সবাই খুশি হয়েছেন।

প্রযোজক এতটাই মুগ্ধ হয়েছেন যে পরিচালককে প্রায় সাত লাখ রুপি মূল্যের একটি সোনার চেইন উপহার দিয়েছেন। প্রযোজকের মতে, এমন চিত্রনাট্য তিনি আগে কখনো হাতে পাননি। 

তবে সব আনন্দের মাঝেও রয়ে গেছে অনিশ্চয়তা। কারণ, এখনো বিজয় সেতুপতি ও তৃষা আনুষ্ঠানিক সম্মতি জানাননি। তাঁদের সম্মতি ছাড়া এই সিকুয়েলের শুটিং শুরু করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেম কুমার।

আর যদি তাঁদের পাওয়া না যায়, তবে নতুন কোনো প্রজেক্টে হাত দেবেন এই নির্মাতা।