সিল্কসিটিনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা ওই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় গুলশান থানার একটি দল। তল্লাশি শেষে পুলিশ একটি তালিকা তৈরি করেন। যেই তালিকায় কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পিকআপ ভ্যানে করে কিছু বাঁধাই করা বই আনা হয়েছিল আর তা থেকেই ধারণা করা হয়েছিল এখানে অন্য কিছু রয়েছে। এর প্রেক্ষিতেই আদালত একটি সার্চ ওয়ারেন্টের ইস্যু করেন।

সেই সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনো ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো হয় বলে জানান গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক। তল্লাশি শেষে সাংবাদিকদের তিনি জানান, তেমন কিছুই পাওয়া যায়নি।

এদিকে, তল্লাশির এই ঘটনা দলের চেয়ারপারসনকে হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করার লক্ষেই করা হয়েছে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ। তল্লাশির সময় গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঠিক কি কারণে এই তল্লাশি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বলেন, “একটি সার্চ ওয়ারেন্ট (তল্লাশি পরোয়ানা) ছিল। তার ভিত্তিতেই এই পদক্ষেপ”।
তবে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছিল কি-না বা ভেতরে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গেছে কি-না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এখনই বিস্তারিত কিছু জানাতে পারছেন না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির একটি দল সকাল ৮টার দিকে তল্লাশি শুরু করে। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়।
বিএনপির পক্ষ থেকে এ তল্লাশিকে বলা হচ্ছে “সরকারের ষড়যন্ত্রের অংশ”। বিএনপিকে রাজনৈতিকভাবে দমন করতে না পেরেই এমন কর্মকান্ড চালাচ্ছে পুলিশ, বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সম্প্রতি ওই কার্যালয়ে ট্রাকে করে বহুসংখ্যক বই-পত্র ঢুকেছে এমন খবর এই তল্লাশির পেছনে কোনও কারণ হিসেবে রয়েছে- কিছু সংবাদ মাধ্যমে এমন খবর এসেছে।
এ প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, “এটা একটা রাজনৈতিক দলের কার্যালয়। এখানে পেপার-কাটিং থাকবে, নানারকম কাজ হচ্ছে। এখানে বই বা কাগজ-পত্র আসবে না? তাই বলে এভাবে সন্দেহ হলেই আপনার বাড়িতে ঢুকে পড়বো?”
মি. আহমেদ বলন, পুলিশ লিখিত দিয়ে গেছে “প্রাপ্তি শূন্য” তাহলে কেন এই তল্লাশি? তার মতে “এভাবে তল্লাশি চালিয়ে, বৃহত্তর চক্রাান্তের অংশ হিসেবে সরকার এটা করেছে। এর মধ্য দিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীকে অসম্মানিত করা হয়েছে”।
তিনি বলেন, জিডি কে করেছে পুলিশ সেটিও বলছে না। সূত্র: কালের কণ্ঠ ও বিবিসি বাংলা










