সবশেষ
জাতীয়

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

যুবসমাজকে দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবকদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।মানচিত্র দেখুন

রোববার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এ উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের নতুন ধারণা বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করবে।মানচিত্র দেখুন

তিনি আরও বলেন, ‘আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। বিশেষ করে বেকার যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি সব সময় আপনাদের পাশে আছি। আসুন, আমরা সবাই মিলে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও সম্ভাবনাময় নগরী হিসেবে গড়ে তুলি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপিসিওর জ্যেষ্ঠ ব্যবস্থাপক লোটাস চিসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহীর প্রতিবেদক সুজাউদ্দিন ছোটন এবং রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু।মানচিত্র দেখুন

অনুষ্ঠানের শুরুতে নগরের সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

যুব ফোরাম ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী নৃত্য, দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটিকা পরিবেশিত হয়। এ ছাড়া যুবসমাজের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে যুব উন্নয়ন, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী এডিপির কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মানচিত্র দেখুন