জাতীয়

‘যুগোপযোগী আইন করতে সহায়তা করবে জাপান’

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের আইন-কানুন আধুনিক ও যুগোপযোগী করার ক্ষেত্রে সহযোগিতা করবে জাপান সরকার। বিনিয়োগকারীদের নিরাপত্তা সহায়তা দেবে দেশটি।

 

সোমবার (১৭ অক্টোবর) জাপান সফররত আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে টোকিওতে এক বৈঠকে এ সহযোগিতার কথা জানান এবং জাপানের বিচারমন্ত্রী Katsutoshi KANEDA।

 

বৈঠকে  জাপানের বিচারমন্ত্রী বাংলাদেশের আইন-কানুন যুগোপযোগী করার ক্ষেত্রে জাপান সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

 

বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, সমাজ থেকে দুর্নীতি দূরীকরণে এবং সুশাসন নিশ্চিতে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

 

আইনমন্ত্রী বাংলাদেশের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন জাপানের বিচারমন্ত্রীকে।

 

আইনমন্ত্রী আনিসুল হক জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার প্রেসিডেন্ট Shinichi Kitaoka এর সঙ্গে জাইকার প্রধান কার্যালয়ে বৈঠক করেন। এ সময় জাইকার প্রেসিডেন্ট আইনমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়নে জাইকা যে সহযোগিতা করছে তা অব্যাহত থাকবে।

 

বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জাইকার প্রেসিডেন্টকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত জাইকার প্রতিনিধিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের নিরাপত্তার পাশাপাশি বিনিয়োগের সুবিধার্থে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।

 

বাংলাদেশের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় কয়েক জন জাপানি নাগরিকের হত্যাকাণ্ড প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক জাইকার প্রেসিডেন্টকে বলেন,  বাংলাদেশ এ বিষয়ে খুবই মর্মাহত এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

 

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক রোববার (১৬ অক্টোবর) জাপানের হিরোশিমার মেয়র Matsui Kazumi, ওসাকার চিফ প্রসিকিউটর Kazumine Terawaki, জাপানের সুপ্রিম কোর্টের বিচারপতি Toshimitsu Yamazaki এবং আইন প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক Sakuma Tatsuya এর সঙ্গে বৈঠক করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, আইনমন্ত্রীর একান্ত সচিব এম মাসুম এ সময় উপস্থিত ছিলেন।

 

আইনমন্ত্রী আনিসুল হক জাপান সফরের উদ্দেশ্যে গত ১১ অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: বাংলা নিউজ