সিল্কসিটিনিউজ ডেস্ক:
কিউবার অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোকাচ্ছন্ন তার ঘনিষ্ঠ বন্ধু এবং জীবন্ত ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা। শনিবার ফিদেলের মৃত্যুর খবর প্রকাশের পর ফেইসবুকে এই বিপ্লবীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করার পাশাপাশি শোক প্রকাশ করেছেন তিনি। বলেছেন, তার স্মৃতিতে কাস্ত্রো চিরন্তন।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী কাস্ত্রোকে পিতার পরেই সবথেকে শ্রদ্ধেয় ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন তিনি।

কাস্ত্রোকে নিজের বন্ধু এবং পরম বিশ্বস্ত উল্লেখ করে ম্যারাডোনা লিখেছেন, ‘কাস্ত্রো সেই ব্যক্তি যিনি আমাকে পরামর্শ দিতেন। তিনিই সেই ব্যক্তি, যিনি হরহােমশাই আমাকে ফোন করতেন রাজনীতি, ফুটবল, বেসবল নিয়ে কথা বলার জন্য’।
ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে কিউবার মাটিতে সূচিত হয় বৈপ্লবিক পরিবর্তন। সামরিক শাসক জেনারেল বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করার পরের পাঁচদশক কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি। কিউবাকে ‘সমাজতান্ত্রিক রাষ্ট্র’ ঘোষণা করেন ফিদেল। যুক্তরাষ্ট্রের ধনীদের অবকাশ যাপনের বিনোদন কেন্দ্র হিসেবে থাকা দেশটিকে রূপান্তর করেন সমৃদ্ধ ভূমিতে। তাই যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘একনায়ক’ হলেও ফিদেল সারাবিশ্বে সমাজতন্ত্রের পথের সংগ্রামীদের কাছে তিনি বীর বিপ্লবী। কিউবার অধিকাংশ মানুষ দেশকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার নায়ক হিসেবে দেখেন ফিদেলকে।
এই কাস্ত্রোকে বিশ্বের ‘সবচেয়ে জ্ঞানী’ বলেও অভিহিত করেন ম্যারাডোনা। তিনি লিখেছেন, ‘ফিদেল কখনও ভুল করেননি। আমার কাছে তিনি চিরন্তন। একমাত্র শ্রেষ্ঠজন।’
উল্লেখ্য, ইতিহাসে একজন রাজনৈতিক কর্মী এবং রাষ্ট্রনায়ক হিসেবে ফিদেল কাস্ত্রোর ভূমিকা কী, তা নিয়ে বিভক্তি রয়েছে বিশ্বজুড়ে। অর্ধশতাব্দী কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তিনি সমালোচকদের চোখে একনায়ক। তবে বেশিরভাগ কিউবাবাসীর কাছে তিনি মহানায়ক। যিনি জাদুর কাঠিতে বদলে দিয়েছিলেন দারিদ্র্যপীড়িত একটি দেশকে।
কিউবার দাবি অনুযায়ী, কাস্ত্রো ৬৩৪টি হত্যা পরিকল্পনা এবং চেষ্টা থেকে রেহাই পেয়েছেন। এগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বহিষ্কৃত প্রতিষ্ঠানগুলোর ষড়যন্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। বিষাক্ত ওষুধ, বিষাক্ত চুরুট কিংবা বিষাক্ত রাসায়নিকযুক্ত সাঁতারের পোশাকসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে হত্যাচেষ্টা করা হয়েছিল। আরেকটি পরিকল্পনার অভিযোগ করা হয়ে থাকে। সেটি হলো- ফিদেলকে এমন পাউডার দেওয়া যাতে তার দাড়ি পড়ে গিয়ে জনপ্রিয়তা কমে যায়।

বিভিন্ন হত্যাচেষ্টার পরও নিজে নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় নয়জন মার্কিন প্রেসিডেন্টকে দেখেছেন এ নেতা। ডোয়াইট আইজেনহাওয়ার থেকে বিল ক্লিনটনের পুরো শাসনামল ক্ষমতায় ছিলেন তিনি। জর্জ ডব্লিউ বুশ যখন ক্ষমতায় তখন ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল।
কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী কাস্ত্রোর মৃত্যুতে ৯ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডে কিউবাতে তাকে সমাহিত করা হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন










