সদ্য প্রকাশিত
মতামত

মূল্যস্ফীতিকে মানুষ কেন ভয় পায়

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০২০৭ মিনিট পড়া
মূল্যস্ফীতিকে মানুষ কেন ভয় পায়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অক্টোবর মাসের মূল্যস্ফীতি প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাইয়ে শুরু হওয়া মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি অক্টোবরে এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৬০ শতাংশ।

মূল্যস্ফীতির উচ্চহার মানুষের, বিশেষ করে গরিব, নিুবিত্ত এবং সীমিত আয়ের মানুষের জীবনে দুর্ভোগ বয়ে এনেছে। মূল্যস্ফীতিকে দেশের মানুষ কেন ভয় পায়, তা আলোচনা করাই এ নিবন্ধের উদ্দেশ্য।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত পাঁচ অর্থবছরে অর্থাৎ ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরে মূল্যস্ফীতির গড় হার ছিল যথাক্রমে- ৫ দশমিক ৯২, ৫ দশমিক ৪৪, ৫ দশমিক ৭৮, ৫ দশমিক ৪৮ এবং ৫ দশমিক ৬৫ শতাংশ। এর অর্থ দাঁড়ায়, গত পাঁচ অর্থবছরে জাতীয় পর্যায়ে গড় মূল্যস্ফীতি ছিল ৬ শতাংশের নিচে।

২০২০-২১ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা প্রকাশ করেছিলেন, এ সময়ে মূল্যস্ফীতি হবে ৫ দশমিক ৪ শতাংশ। কিন্তু তার আশাবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন অর্থবছরের শুরুতেই বাড়তে থাকে মূল্যস্ফীতি। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় যথাক্রমে ৫ দশমিক ৫৩, ৫ দশমিক ৬৮ এবং ৫ দশমিক ৯৭ শতাংশে।

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। অক্টোবরের এ মূল্যস্ফীতির হার গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

বিবিএসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, অক্টোবরের উচ্চ মূল্যস্ফীতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে খাদ্য মূল্যস্ফীতি। সেপ্টেম্বরের ৬ দশমিক ৫০ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি অক্টোবরে বেড়ে ৭ দশমিক ৩৪ শতাংশ হয়েছে।

অর্থাৎ এক মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৮৪ শতাংশ। তবে অক্টোবরে গ্রামে খাদ্য মূল্যস্ফীতির হার শহরের চেয়ে বেশি। যখন অক্টোবরে শহরে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশে, তখন গ্রামে এ হার ৭ দশমিক ৭৩ শতাংশ।

খাদ্য মূল্যস্ফীতি, বিশেষ করে চালের মূল্যস্ফীতি সবসময় মানুষের কাছে ভীতিকর। এর একাধিক কারণ রয়েছে। এক. চাল উৎপাদনে আমরা স্বনির্ভরতার দ্বারপ্রান্তে উপনীত হলেও চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং সরকারের খাদ্য ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ধানচাষী এবং ভোক্তারা বারবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধানকাটার মৌসুমে সরকার-পরিচালিত সংগ্রহ অভিযানে স্বল্প পরিমাণ ধান ক্রয় এবং ধারদেনা শোধ ও পারিবারিক প্রয়োজন মেটাতে মৌসুমের শুরুতেই ক্ষুদ্র্র, প্রান্তিক ও বর্গাচাষীদের ধান বিক্রির সুযোগ নিয়ে সিন্ডিকেশনের মাধ্যমে চালকল মালিকরা কম দামে বিপুল পরিমাণে ধান কিনে মজুদ গড়ে তোলেন। মৌসুম শেষে যখন আর কারও কাছে ধান থাকে না, তখন তারা মজুদ ধান চালে পরিণত এবং সিন্ডিকেশনের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ করে উচ্চমূল্যে ভোক্তাদের কাছে চাল বিক্রি করে প্রচুর লাভ করেন। যেমন- এ মুহূর্তে ধানকাটার মৌসুম না থাকায় তারা চালের বাজার নিয়ন্ত্রণ করে উচ্চমূল্যে চাল বিক্রি করছেন।

কৃষি বিপণন অধিদফতরের ৮ নভেম্বরের তথ্য মোতাবেক মোটা চাল খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশের বেশি। মোটা চালের দাম বৃদ্ধির ক্ষতিকর প্রভাব ওই চালের সব শ্রেণির ভোক্তার ওপর পড়লেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলো।

বিবিএসের হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (হায়েস) ২০১৬ (চূড়ান্ত প্রতিবেদন ২০১৯ সালে প্রকাশিত) মোতাবেক দেশের ২৪ দশমিক ৩ শতাংশ অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমবেশি ৪ কোটি। এদিকে একাধিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান যেমন- পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি), ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) এবং সিপিডির গবেষণার ফলাফলে দেখা যায়, করোনা মহামারীর প্রাদুর্ভাবে মে-জুন মাসে দেশে দারিদ্র্যের হার দাঁড়ায় ৩৫-৪৩ শতাংশে। এতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় ৬ কোটিতে।

তবে পিপিআরসি ও বিআইজিডির সাম্প্রতিক এক নতুন গবেষণা অনুযায়ী, সরকার অর্থনীতির প্রায় সব সেক্টরে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেয়ায় করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে এপ্রিলের ‘নতুন’ গরিবের সংখ্যা ২২ দশমিক ৯ থেকে ১ দশমিক ১ শতাংশ কমে ২১ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। মোটা চালের দাম বৃদ্ধিতে গরিব ও নিুআয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাদের খাদ্যনিরাপত্তা এখন চ্যালেঞ্জের সম্মুখীন।

দুই. চালের দাম বৃদ্ধিতে শুধু গরিব ও নিুবিত্তরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মধ্যবিত্ত ও নিুমধ্যবিত্তরাও বিশেষ করে যাদের আয় নির্দিষ্ট। সরকার সরু ও মাঝারি চালের দাম প্রতি কেজি যথাক্রমে ৫১ টাকা ৫০ পয়সা এবং ৪৫ টাকা বেঁধে দিলেও চালকল মালিক ও চাল ব্যবসায়ীরা সরকারের বেঁধে দেয়া দাম মানছেন না। তারা এসব চাল অনেক বেশি দামে বিক্রি করছেন।

চালের উচ্চমূল্যের কারণে মধ্যবিত্ত ও নিুমধ্যবিত্তদের মাছ, মাংস, ডিম ও দুধ অর্থাৎ আমিষজাতীয় খাদ্য কেনা অনেকটা কমিয়ে দিতে হচ্ছে। এতে তাদের পরিবার, বিশেষ করে শিশু ও মহিলাদের পুষ্টির অভাব ঘটছে। এমনিতেই খাদ্যে পুষ্টিমানের অভাবের কারণে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা তালিকায় বাংলাদেশের অবস্থান তলানিতে। চালের মূল্যবৃদ্ধিতে এ অবস্থার আরও অবনতি ঘটবে।

তিন. বিবিএসের হায়েস ২০১৬ মোতাবেক জাতীয় পর্যায়ে একটি পরিবারের মাসিক মোট ব্যয়ের ৪৭ দশমিক ৬৯ শতাংশ খরচ হয় খাদ্যে। আবার মাসিক মোট খাদ্য বাবদ খরচের ২৫ দশমিক ৯৩ শতাংশ ব্যয় হয় খাদ্যশস্য (চাল ও গম) ক্রয়ে। বিআইডিএসের এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি ঘটলে ৭৩ দশমিক ৮ শতাংশ হতদরিদ্র পরিবার চালের ভোগ কমিয়ে দেয়। দরিদ্র পরিবারের বেলায় এ হার ৬৬ শতাংশ।

শুধু চাল নয়- বেড়েছে শাকসবজি, ডিম, গরুর মাংস, মুরগি, ডাল, আলু, পেঁয়াজ, আদা ও রসুন ইত্যাদির দাম। এক কেজি পটোল বা করলা কিনতে লাগে ৮০ টাকা। আর এক কেজি কাঁচামরিচের দাম ২৫০ টাকা। দাম বেড়েছে বিদেশি ফলমূলের।

খাদ্যপণ্যবহির্ভূত কোনো কোনো খাতেও বেড়েছে ব্যয়। জল ও স্থলপথে যাতায়াতে ব্যয় বেড়েছে। মহামারী করোনা ও অন্যান্য অসুখে বেড়েছে চিকিৎসা ব্যয়।

মূল্যস্ফীতি ঘটছে এমন এক সময়ে, যখন মানুষের আয় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং অস্ট্রেলিয়ার ওয়াল্টার এলিজা হল ইন্সটিটিউটের সাম্প্রতিক এক যৌথ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে মার্চের শেষ সপ্তাহ থেকে ৩০ মে পর্যন্ত সময়ে বাংলাদেশ সরকার ঘোষিত ছুটিতে ৯৬ শতাংশ পরিবারের গড় মাসিক উপার্জন হ্রাস পেয়েছে; ৯১ শতাংশ নিজেদের অর্থনৈতিকভাবে অস্থিতিশীল মনে করছে এবং ৪৭ শতাংশ পরিবারের আয় দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। পরিবারগুলোর ৭০ শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। ১৫ শতাংশ খাদ্য সংকটে রয়েছে বা কোনো একবেলা না খেয়ে থাকছে।

আর বিবিএসের সেপ্টেম্বর মাসের এক জরিপ অনুযায়ী, করোনা মহামারীর প্রভাবে মানুষের মাসিক আয় ২০ দশমিক ২৪ শতাংশ কমেছে। মহামারীতে আয় কমে যাওয়ায় খাবার গ্রহণের পরিমাণ কমে গেছে ৫২ শতাংশের মতো পরিবারের। এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শতকরা প্রায় ৬৮ দশমিক ৩৯ ভাগ পরিবার বা খানা কোনো না কোনোভাবে করোনার অভিঘাতে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে রিকশা বা ভ্যানচালক ও দিনমজুররা অধিক মাত্রায় আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন।

এই যখন অবস্থা, তখন আমাদের মধ্যে দেখা দিয়েছে মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা। শীতের আগমনে ইউরোপ ও আমেরিকার অনেক দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সেসব দেশে বেড়ে চলেছে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার। ইউরোপের কয়েকটি দেশে শুরু হয়েছে লকডাউন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করলে সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। এতে বিশ্ব আঞ্চলিক বাণিজ্য ব্যাহত হতে পারে।

দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে এর প্রভাব ইতোমধ্যে কিছুটা অনুভূত হচ্ছে। বিজিএমইএ সূত্র বলছে, গত অক্টোবর মাসে তৈরি পোশাকের রফতানি হ্রাস পেয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ, যা খাতটির বৈশ্বিক চাহিদা ও বাণিজ্য পুনরুদ্ধার নিয়ে শঙ্কার কারণ হয়ে উঠেছে। শুধু রফতানি খাত নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ভেঙে পড়লে আমাদের অনেক পণ্য উৎপাদনে কাঁচামালের অভাব দেখা দেবে। তাছাড়া অনেকটা আমদানিনির্ভর খাদ্যপণ্য যেমন- গম, ভোজ্যতেল, গুঁড়াদুধ, চিনি, ডাল, পেঁয়াজ, রসুন ও আদাসহ বেশকিছু খাদ্যপণ্যের সংকট সৃষ্টি হতে পারে। এতে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।

সবশেষে বলতে চাই, করোনা মহামারীর কারণে মানুষের আয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়া, দারিদ্র্য হারে উল্লম্ফন ঘটা এবং করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা- এসব বিষয় বিবেচনায় নিয়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আবদুল লতিফ মন্ডল : সাবেক খাদ্য সচিব, কলাম লেখক

latifm43@gmail.com

 

সূত্রঃ যুগান্তর