সিল্কসিটিনিউজ ডেস্ক:
২৬ মে ২০০৫, মাত্র ১৬ বছর ২৬৭ দিনে লর্ডস গ্রাউন্ডে বাংলাদেশেল ৪১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক মুশফিকুর রহিমের। ছিপছিপে গড়নের মুশফিকুর রহিমকে সে সময়ে ইংলিশ মিডিয়াগুলো বাংলাদেশের ‘টেন্ডুলকার’ বলে সম্বোধন করেছিল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার আগেই নজর কেড়েছিলেন মুশফিক। সাসেক্সের বিপক্ষে ৬৩ নটিংহ্যাম্পশায়ারের বিরুদ্ধে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলে মুশফিক জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশের আগামী প্রজন্মের আইডল তিনি। খালেদ মাসুদ পাইলটকে একাদশে রেখে মুশফিকুর রহিমের ‘টেস্ট অভিষেক’ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। এরপর ক্যারিয়ারের তৃতীয় টেস্টে শ্রীলঙ্কার কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে মুশফিকের অভিষেক ‘উইকেট রক্ষক ব্যাটসম্যান’ হিসেবে। এর আগে অবশ্য ওয়ানডেতে কিপিং গ্লাভস তুলে নিয়েছিলেন। কিন্তু টেস্টে সেবারই প্রথম।


দশ বছর উইকেটের পিছনে অতন্দ্র প্রহরী হয়ে থাকা মুশফিকুর রহিম এ শ্রীলঙ্কাতেই কিপিং গ্লাভস খুলে রাখছেন। হাজারো সাফল্যের সাক্ষী মুশফিক আসন্ন শ্রীলঙ্কা সিরিজে খেলবেন ‘টেস্ট স্পেশালিস্ট’ ব্যাটসম্যান হিসেবে। ব্যাটিং অর্ডারে উপরে উঠে খেলবেন ৪ নম্বরে। ৫২ টেস্টে ৪৭ টেস্টেই মুশফিকুর রহিম উইকেটের পিছনে দায়িত্ব সামলেছেন। বাকি ৫ টেস্টে দায়িত্ব সামলেছেন খালেদ মাসুদ পাইলট (২), লিটন কুমার দাস (৩)। উইকেটের পিছনে দাঁড়িয়ে মুশফিকুর রহিমের সাফল্যও ঈর্ষনীয়। ৫২ টেস্টে মুশফিকের ডিসমিসাল ৯৫টি। ৮৪টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং। ১৬৫ ওয়ানডেতে তার ডিসমিসাল ১৭১টি। ১৩২টি ক্যাচ ও ৩৯টি স্ট্যাম্পিং। টি-টোয়েন্টি ৫৭ ম্যাচে ৪৫ ডিসমিসাল।

বাংলাদেশের জার্সিতে পাওয়া সাফল্যর ভাণ্ডার টইটুম্বুর হলেও দুই-তিনটি ভুল সব সময়ই ‘বিতর্ক’ সৃষ্টি হত। ভারতের বিপক্ষে ঋদ্ধিমান সাহার স্ট্যাম্পিং শুধু ভুল ছিল না, ভুলের থেকেও ছিল বড় কিছু। পাশাপাশি মুশফিকুর রহিমের কাঁধে তিন দায়িত্ব। অধিনায়কত্ব, ব্যাটিং ও কিপিং। তিনে মিলে মুশফিকুর রহিম হাজারো চাপে বিদ্ধ। টিম ম্যানেজম্যান্ট এবার তাকে দায়িত্ব কমিয়ে দিয়েছেন। টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত শ্রীলঙ্কা সিরিজ থেকে মুশফিক খেলবেন অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে। দলের বহরে থাকা লিটন কুমার দাস সামলালেন উইকেটের পিছনের দায়িত্ব।
শ্রীলঙ্কা টু শ্রীলঙ্কা, মুশফিকুর রহিম বাংলাদেশকে অনেকবার হাসিয়েছেন, গুটি কয়েকবার কাঁদিয়েছেন। তবে কিপিংয়ে তার অবদান কোনোদিনও ভুলবে না বাংলাদেশ। এবার বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের থেকে ‘সেরা’ ইনিংস পাওয়ার পালা!
সূত্র: রাইজিংবিডি










