সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

মুরাদনগরে হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ২৬৩ জনের নামে মামলা

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২০২ মিনিট পড়া
মুরাদনগরে হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ২৬৩ জনের নামে মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামে ইউপি চেয়ারম্যান বণ কুমার শিবসহ তিন হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২৬৩ জনকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে।

আজ সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানাতে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ইউসুফ আব্দুল্লাহ হারুন, পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া ঘটনাস্থলে বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, এলাকায় কোনো সংঘাত ও সহিংসতা যেন না ঘটে, সে জন্য গতকাল রোববার বিকেলে কোরবানপুর জিএম উচ্চবিদ্যালয় মাঠে এক সম্প্রীতি সভা করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সভা চলাকালে খবর আসে ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব, শংকর দেবনাথ ও ফ্রান্স প্রবাসী কৃষাণ দেবনাথের বাড়িতে আগুন দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ওই তিন বাড়ির ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর সার্কেলের এএসপি জাহাঙ্গীর আলম, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনাস্থলে যান। সন্ধ্যায় কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে মধ্যরাত অবধি অবস্থান করেন।

এর আগে ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করার অভিযোগে গত শনিবার রাতে কোরবানপুর গ্রামের শংকর দেবনাথ (৫৪) ও আন্দিকোট গ্রামের অনিল ভৌমিক (২১) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানার পুলিশ। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় রোববার রাতে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত তিনটি মামলা হয়েছে। এ সব মামলায় যথাক্রমে ৯১, ৮৫ ও ৮৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘কোরবানপুরে চেয়ারম্যানের বাড়িসহ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। প্রশাসন তদন্ত করে ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ বিষয়ে কেউ কোনো ধরনের উসকানি দিলে তাকে ছাড় দেওয়া হবে না।’

চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘ঘটনাটি অপ্রত্যাশিত। বিভিন্ন ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের চিহ্নিত করা হবে।’

সূত্র: আমাদেরসময়