সিল্কসিটিনিউজ ডেস্ক :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচরে বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজী সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, বুধবার গভীর রাতে ডাকাতরা সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার (৪২) ও শামীম সরকারকে (৪৩) কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার অভিযোগ করে জানান, তার চাচা-চাচি ও চাচাতো তিন ভাই স্ত্রী-সন্তান নিয়ে ওই ডুপ্লেক্স ভবনে বসবাস করে আসছেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ১৪-১৫ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে। তারা প্রথমে পরিবারের সদস্যদের হাত-পা বাঁধতে শুরু করে।
এ সময় ডাকাতদলকে বাঁধা দিতে এগিয়ে গেলে তার চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তারা।
তিনি আরো জানান, পরে তারা ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩-৪ লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুট করে নিয়ে যায়। এরপর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শাকিল ও শামীমকে উদ্ধার করে। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় প্রেরণ করেন।
সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জড়িতদের শনাক্তে কাজ চলছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’










