সিল্কসিটিনিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ উদ্যাপনের যে যুগান্তকারী আয়োজন শুরু হয়েছে তা আনন্দের। আমরা পিতাকে, জাতির পিতাকে উপযুক্ত সম্মান প্রদর্শনের একটা সুযোগ পেয়েছি। এ সুযোগ আমাদের জীবদ্দশায় আমরা আর পাব না।
আবার একশ’ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারলে হয়তো তখন মুজিব দ্বিশতবর্ষ পালিত হবে। আওয়ামী লীগ তখন ক্ষমতায় না থাকলে মুজিব দ্বিশতবর্ষ পালিত হবে কি না তা নির্ভর করবে পরবর্তী একশ’ বছরে বাংলাদেশের রাজনীতি কোন ধারায় চলবে তার ওপর।

তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আদৌ থাকবে কি না, জামায়াত আবার শক্তিশালী দল হবে কি না, কিংবা অন্য কোনো রাজনৈতিক দল নতুনরূপে আবির্ভূত হবে কি না- এমন অনেক ফ্যাক্টরের ওপর। রাজনীতির তখনকার অর্থাৎ শতবর্ষ পরের আদর্শিক দিকও বিবেচনায় থাকবে।
স্বাধীনতার মাত্র অর্ধশতাব্দীর এ স্বল্পসময়ে আমরা দেখতে পেলাম, যখন যে দল ক্ষমতায় থাকে তখন শুধু সে দলের নেতার ঢোল বাজতে থাকে। রাজনীতির এমন সংকীর্ণ মনোভাব জাতি হিসেবে আমাদের এত ছোট করেছে যে, আমরা জাতির পিতাকেও দল-মতের ঊর্ধ্বে স্থান দিতে পারিনি।
আওয়ামী লীগ তাদের কাজকর্মে বঙ্গবন্ধুকে শুধু তাদের নেতা হিসেবে পেতে চেয়েছে বেশি, আর বিএনপি শুধু জিয়াকেই ‘সবকিছু’ ভেবেছে। আমরা আরও লক্ষ করেছি, বঙ্গবন্ধু হত্যা দিবসে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়েছে। এ দুটি দল একে অপরকে যারপরনাই শত্রু ভাবে।
অবশ্য বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী সময়ে খুনিদের পুনর্বাসনে জিয়ার মুখ্য ভূমিকাই এ জন্য বেশি দায়ী। আমাদের এ-ও মনে পড়ে যে, শেখ রেহানাকে ধানমণ্ডির ৬নং রোডে একখণ্ড জায়গা বরাদ্দ করায় বিএনপি পরবর্তী সময়ে সেখানে থানা করে এবং সে থানার উদ্বোধনে যান খোদ তখনকার প্রধানমন্ত্রী।
কী জঘন্য প্রতিহিংসার রাজনীতি! শেখ রেহানাকে বরাদ্দ দেয়া জমিতে থানা না হলে কি তিনি যেতেন? লোকে বলে, খালেদার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হয়েছিল যতটুকু না ওই জায়গা ক্যান্টনমেন্টে বলে, তার চেয়ে বেশি ধানমণ্ডির ৬নং রোডের শেখ রেহানার নামে বরাদ্দকৃত জায়গায় থানা উদ্বোধনের প্রতিশোধে।
এসব স্পর্শকাতর বিষয় নিয়ে যুক্তি-পাল্টা যুক্তির অভাব নেই। আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ পক্ষে বেশ যুক্তি দেখাতে পারবে। দুর্নীতির দায়ে আদালতের রায়ের ফলস্বরূপ খালেদা জিয়ার জেলবাস নিয়েও বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ রয়েছে।
কিন্তু আওয়ামী লীগ বলছে, ওটা আদালতের বিষয়, বিএনপি তো আইনি প্রক্রিয়ায়ই হেরেছে। তবে এ ক্ষেত্রে আওয়ামী লীগের মহানুভবতা যে, জিয়ার মৃত্যুর সময়ে ওই পরিবারকে সরকার প্রদত্ত গুলশানের বাড়ি ওই পরিবারের আর্থিক সচ্ছলতা বেশ উন্নত হওয়ার পরও সরকার বরাদ্দ বাতিল করে ফেরত নেয়নি।
আজ থেকে শতবর্ষ পরে বঙ্গবন্ধুর জন্মদ্বিশতবার্ষিকী উদ্যাপনের বিষয়টি আমরা এখন সময়ের ওপর ছেড়ে দিতে চাই। আগামী একশ’ বছরে আমাদের মন-মানসিকতা হয়তো আরও অনেক পরিশীলিত হবে, আমরা তখন হয়তো আর পিতাকে পিতা বলতে কার্পণ্য করব না।
কিন্তু গত অর্ধশত বর্ষে প্রতিহিংসার রাজনীতিতে দেখলাম, আমরা পিতাকে পিতা বলতে বড় বেশি কার্পণ্য করেছি। সামান্য চক্ষুলজ্জাও না করে মিথ্যা জন্মদিন পালনও করেছি, এমনকি বঙ্গবন্ধু এভিনিউকে বিবি এভিনিউ বলা চালু করেছি, যাতে বঙ্গবন্ধুর নাম না থাকে।
কিন্তু ইতিহাস থেমে থাকে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসায় বঙ্গবন্ধু আবার স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধুকে নিয়ে দলটির কিছু বাড়াবাড়ি দৃষ্টিকটু ঠেকে। অলিগলির যদু-মধু-রাম-শ্যামরাও দলীয় প্রচারে বঙ্গবন্ধুর যাচ্ছেতাই ছবি ব্যবহার করে তাকে কতটুকু সম্মানিত করছে, তা আমাদের বোধগম্য হয় না।
মুজিববর্ষে আমরা মুজিবের অর্থাৎ বঙ্গবন্ধুর অর্থাৎ আরও স্পষ্ট করে বললে জাতির পিতার উপযুক্ত সম্মান প্রদর্শনই চাই, নিছক দলীয় স্বার্থে তার এবং তার ছবির অসম্মানজনক অপব্যবহার নয়। আমরা দেখতে চাই, তিনি জাতির পিতা প্রথমে, তিনি সবার, তিনি শুধু আওয়ামী লীগের নন।
এবার সরাসরি আমার ছোট্ট চাওয়ার প্রসঙ্গে আসি। খেতাব, পুরস্কার, সম্মাননা- এসব যে কোনো মানুষকে কিছুটা হলেও উচ্চতায় নিয়ে যায়; তবে তা অবশ্যই মানানসই হতে হয়। ডিগ্রিও অনেককে একটু ভিন্ন মাত্রা দিয়ে থাকে। স্বশিক্ষিতের খেতাব থেকে এসএসসি কিছুটা হলেও বাস্তবতায় এবং বর্তমান বিবেচনায় একটু উঁচু।
রাজনীতিকের ও ব্যবসায়ীর বেলায় অবশ্য ডিগ্রি কোনো ব্যাপার নয়। দুনিয়া কাঁপানো উচ্চতার অনেক রাজনীতিকের হয়তো কোনো ডিগ্রি ছিল না। তাতে তাদের সুনাম কমেনি। আবার সম্মানসূচক ডিগ্রিও অনেকে পেয়ে যাবেন, তাতেও তাদের কিছু যায়-আসে না।
তবে কিছু কিছু খেতাব যেমন অত্যন্ত মূল্যবান, অবিস্মরণীয়; তেমনি কারও কারও ক্ষেত্রে কিছু পুরস্কার বড় বেশি বেমানান। যেমন, বঙ্গবন্ধু খেতাবটা বড় সম্মানের। এখন বঙ্গবন্ধু না বলে শুধু শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিব বললে নামটা অসম্পূর্ণ মনে হয়।
বঙ্গবন্ধু খেতাবটা এখন তার মূল নামের চেয়েও বড় নাম বঙ্গবন্ধু বললেই তিনি কে বোঝা যায়, পিতৃপ্রদত্ত নামের প্রয়োজন পড়ে না। অপরদিকে মীরজাফর বিশেষ্য থেকে এখন বিশেষণে পরিণত হয় গেছে। মানুষ এখন মীরজাফর বলে বিশ্বাসঘাতকতা বোঝায়, ওটা গালিতে পরিণত হয়েছে।
এবার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার দেয়ার প্রসঙ্গে আসি, যেখানে আমার ছোট্ট চাওয়াটা রয়েছে।
২০০৩ সালে বঙ্গবন্ধু ও জিয়াকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে তৎকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে স্বাধীনতা পুরস্কারের সাইটেশনের খসড়া করার সঙ্গে আমিও সম্পৃক্ত ছিলাম অফিসীয় দায়িত্বের কারণেই।
উল্লেখ্য, খালেদা জিয়া এবং তার পরিবারকে গুলশানের বাড়িসহ আনুষঙ্গিক সুবিধা দেয়ার সময়েও আমি প্রথম দফায় মন্ত্রিপরিষদ বিভাগে ডেস্ক অফিসার পর্যায়ে কর্মরত ছিলাম। কীভাবে জিয়া হত্যাকাণ্ডের পর তড়িঘড়ি করে তার কবরের জায়গা ঠিক করা হয়েছিল তা-ও দেখেছি।
বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে প্রকৃতই তাকে সম্মানিত করা হয়েছে, না জিয়াকে সম্মানিত করার জন্য বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা আবশ্যক। আমি অফিসীয় দায়িত্ব পালন করেছি; কিন্তু বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার দেয়া তখনও মেনে নেইনি, এখনও মানতে পারি না।
এ নিয়ে আমি আগেও একবার যুগান্তরেই লিখেছিলাম। মূলত আমার মতে, জিয়াকে আরেকটু বেশি সুপ্রতিষ্ঠিত করার জন্যই জিয়ার মৃত্যুর পর বঙ্গবন্ধু এবং জিয়াকে ২০০৩ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ২০০৩ সালের এ পুরস্কার প্রদানের সময় উভয়ের পরিচিতিমূলক সাইটেশন লেখার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা হয়েছিল।
উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু ও জিয়াকে অনেকটা সমপর্যায়ে নিয়ে আসা। এ দু’জনের প্রতি সম্মান প্রদর্শনে সে বছর আর কাউকে এ পুরস্কার দেয়া হয়নি; কারণ দেখানো হয়েছে, তা করা হলে এ দু’জনের প্রতি অসম্মান করা হবে; অন্যকে তাদের পর্যায়ে বিবেচনা করা হয়ে যাবে।
ভালো কথা, তারা দু’জন অন্যের সঙ্গে এ পুরস্কার পেতে পারেন না, তাতে তারা অবশ্যই অসম্মানিত হবেন বটে। কিন্তু আমার এ প্রসঙ্গে দুটো বক্তব্য রয়েছে- এক. অন্যের সঙ্গে তাদের দু’জনকে স্বাধীনতা পুরস্কার দেয়া হলে যদি তাদের প্রতি অসম্মান প্রদর্শন হয়, তাহলে জিয়ার সঙ্গে বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার দেয়া কি বঙ্গবন্ধুর প্রতি অসম্মান করা নয়?
দুই. বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার দেয়াটাই কি একটা বেয়াদবি নয়? বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি দেশ সৃষ্টি করেছেন, তিনি স্বাধীনতা এনে দিয়েছেন; তার আবার কিসের স্বাধীনতা পুরস্কার?
যে পুরস্কার এক পীর সাহেবও পান, যে পুরস্কার আরও কত কতজন পান, যে পুরস্কার কখনও কখনও রাজনৈতিক বিবেচনায়ও হয়েছে, সে পুরস্কার কি বঙ্গবন্ধুকে মানায়? অবশ্যই মানায় না, মানানোর প্রশ্নও ওঠে না।
তাহলে প্রশ্ন ওঠে, বঙ্গবন্ধুকে কেন ২০০৩-এ পুরস্কার দেয়া হল? উত্তর একটাই- আগের মতো এখনও উত্তর আগেরটাই এবং তা হচ্ছে, জিয়াকে বঙ্গবন্ধুর সমপর্যায়ে আনার জন্যই এটা করা হয়েছে। বঙ্গবন্ধুর সরকারে থাকাকালীন তার হয়তো সমালোচনা হতে পারে; কিন্তু দেশ স্বাধীন করার ক্ষেত্রে তার কোনো সমালোচনা হতে পারে না।
বঙ্গবন্ধু জাতির পিতা- এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠার অবকাশ নেই, থাকেও না। তাহলে তাকে কেন স্বাধীনতা পুরস্কার দিতে হবে? এটা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বঙ্গবন্ধুর পরিবার এ পুরস্কার গ্রহণ করেননি, পুরস্কার অনুষ্ঠানের দাওয়াত নিয়ে সুধাসদনে গেলে আমাকে ঢুকতেও দেয়া হয়নি, কেননা এ পুরস্কার তারা গ্রহণ করবেন না। অতএব দাওয়াত নেয়ারও সুযোগ ছিল না। দাওয়াত নিয়ে অনুষ্ঠানে না এলেও একটা স্বীকৃতি হয়ে যেত কিন্তু। শেখ হাসিনা নিশ্চয়ই তা চাননি।
অপরদিকে অফিসীয় দায়িত্বের অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়ে আমি দাওয়াত পৌঁছে দিয়েছি। বঙ্গবন্ধু পরিবার গ্রহণ না করার পর উভয়ের পুরস্কার জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়।
এখানে খালেদা জিয়াকে একটা ধন্যবাদ আমি দিতে চাই এ জন্য যে, ১২ মার্চ ২০০৩ উভয়ের সাইটেশন চূড়ান্ত করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার অন্য মন্ত্রীরা যখন বঙ্গবন্ধু শব্দটাই রাখতে নারাজ, তখন তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, এটা থাকবে, কেননা জনগণ তাকে এ খেতাব দিয়েছে।
চতুর্দশ সংশোধনীর সময়ে আমি বিএনপির এক বড় নেতাকে বলেছিলাম, সংবিধানে ছবি টাঙানোর বিষয় (রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন) না রেখে বরং বঙ্গবন্ধুকে জাতির পিতা এবং জিয়াকে বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট থেকে রেডিওতে স্বাধীনতার ঘোষণা প্রচারকারী হিসেবে স্বীকৃতি দেয়া অনেক উত্তম হবে। তারা তা করলে বোধহয় জিয়ার জন্য ভালো হতো এবং আওয়ামী লীগ-বিএনপির মধ্যকার তিক্ততা কিছুটা হলেও প্রশমিত হতো।
মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে। ১৭ মার্চ ২০২০ মুজিববর্ষ শুরু হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস। এবারও হয়তো কেউ কেউ স্বাধীনতা পুরস্কার পাবেন। আমার চাওয়াটা হচ্ছে, এবারের ২৬ মার্চের আগেই বঙ্গবন্ধুকে দেয়া স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার করে জাতির পিতাকে এ অসম্মান থেকে রক্ষা করা হোক।
বদিউর রহমান : সাবেক সচিব, এনবিআরের সাবেক চেয়ারম্যান










