সিল্কসিটিনিউজ ডেস্ক :
ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক নিয়ে বরাবরই দর্শকের আগ্রহ থাকে তুঙ্গে। প্রতিবছর বিশেষ দিবস এলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন বিশেষ এই নাটকগুলোর।
তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ক্লোজআপ কাছে আসার গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাচ-টাচ’, যেখানে জুটি হয়ে ধরা দিয়েছেন নতুন জুটি সাদ নাওভি ও সুমনা ইয়াসমিন। এটি মুক্তির পর দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

মুস্তাফি শিমুল পরিচালিত এ চলচ্চিত্রটি এখন পর্যন্ত ইউটিউবে ৬২ লাখেরও বেশি দর্শক দেখেছেন, সেইসঙ্গে মন্তব্যের ঘরে নিজেদের মুগ্ধতার কথাও জানিয়েছেন তারা।
একজন দর্শক লিখেন, ‘মাশাআল্লাহ! ক্লোজআপের নাটকগুলো এত সুন্দর কেন হয়’। আরেকজন লিখেন, ‘কি জোশ!!’, আরো একজন লিখেন, ‘মন ছুঁয়ে গেছে’।
সাদ নাওভি কালের কণ্ঠকে বলেন, ‘দর্শক কাজটিকে এত বেশি পছন্দ করবেন, ভাবিনি।
অন্যান্য কনটেন্টগুলোর চেয়ে আমাদের কাজটা দর্শক বেশি পছন্দ করেছেন। আমার কাছে মনে হয়, গল্পটিতে একটা সহজ-সুন্দর আবেগ আছে, সেইসঙ্গে শহুরে বাস্তবতাও আছে। যার কারণে ভালো লেগেছে। সবার কাছ থেকেই কাজটি নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য পাচ্ছি।
কাজটি সবার কাছে ভালো লেগেছে, এটাই প্রাপ্তি।’
গল্পে দেখা যায়, গায়েহলুদের অনুষ্ঠানে পরিচয় হয় রোহান ও নাওমির। নাচের অনুশীলন করতে গিয়ে দুজনের সখ্য হয়, পরে তা গড়ায় প্রেমে।
এদিকে সাদ নাওভি বর্তমানে রুবেল আনুশের পরিচালনায় একটি নাটকের শুটিং করছেন, যেখানে তার সঙ্গে জুটি হিসেবে রয়েছেন সুমনা ইয়াসমিন।









