সিল্কসিটিনিউজ ডেস্ক:
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতারা। সেইসঙ্গে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে’ বলেও জনিয়েছেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (৩ মার্চ) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কারারুদ্ধ করে দেশে রাজনৈতিক সংকট তৈরি তথা একনায়কতন্ত্র প্রতিষ্ঠার যে চেষ্টা চলছে সে সম্পর্কে জাতিসংঘকে বিএনপি অবহিত করেছে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘকে বিএনপির চিঠি দেয়ার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দেশনেত্রীরও ওপর এ অন্যায় জুলুম ও আগামী নির্বাচন সম্পর্কে জাতিসংঘকে অবহিত করা হয়েছে।’
বৈঠকের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বৈঠকে বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় উপর ভিত্তি করে কারারুদ্ধ করা হয়েছে, নেতারা আবারও তার নিন্দা জানিয়েছেন। একই সাথে আইনিভাবে জামিন পাওয়ার যোগ্য তিনি, সেটা এখনও না হওয়ায় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। এবং অতি দ্রুত আইনি প্রক্রিয়ায় মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণে ঐক্যমত্য পোষণ করেছেন।’
অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এর মধ্যে আমরা বিভাগীর শহরে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তগুলো পরবর্তিতে আমরা আপনাদের ব্রিফ করে জানাবো।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের যে কোনও ঘটনার আমরা প্রচণ্ডভাবে নিন্দা জানাই। এ ঘটনায়ও জানাচ্ছি। আমরা যেকোনও পরিস্থিতিতে সন্ত্রাসের পক্ষে নই। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং আরেকটা চক্রান্ত করতে চায়, তারাই একের পর এক এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে।’
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জয়নুল আবদীন ফারুক, কবি আবদুল হাই শিকদার, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মুহাম্মাদ শামসুল আলম, ড. সুকোমল বড়ুয়া, আবুল খায়ের ভুইয়া, মামুন আহমেদ, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, মো. শাহজাহান, আবদুর আউয়াল মিন্টু, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট আহমদ আযম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দদি খোকন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।










