
নিজস্ব প্রতিবেদক:
‘বিজয়ের ৫০ বছরে দেশ ও জাতির অনেক উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু অনেকেই আমরা মুখে মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওরাই কিন্তু অন্তরে ধারণ করি না। কাজেই আমাদের মুখে নয়; মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে করতে হবে।’ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ‘মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজীমুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও আরইউজে’র সহ-সভাপতি তৈয়বুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ‘দ্বিজাতি তত্ত্ব তথা ধর্মীয় ভেদাভেদের কারণে ভারত-পাকিস্তানকে বিভাজন করা হয়েছে। কিন্তু আমরা ধর্মীয় ভেদাভেদ চাইনি। যার ফলশ্রুতিতেই ছোট্ট এই ব-দ্বীপে শেখ মুজিবুর রহমানের মত একজন নেতার জন্ম হয়েছিল। তাঁর নেতৃত্বেই দেশ ও দেশের জনগণ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের নির্মম শাসন আর শোষণ থেকে মুক্তি পেয়েছে। আমরা পেয়েছি ধর্ম নিরপেক্ষ একটি দেশ। নতুনভাবে উড্ডীয়ন হয়েছে লাল-সবুজের পতাকা। আর সেই সাথে আমরা জাতি হিসেবে নিজেদেরকে বীর-বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি।’
বক্তারা আরও বলেন, যাদের তাজা রক্ত তথা নিজেদের জীবনকে বাজি রেখে এদেশ বিজয় অর্জন করেছে। কিন্তু দুঃখের বিষয় বিজয়ের ৫০ বছরেও আমরা সেই জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঠিক হিসাব নিরূপন করতে পারিনি। যখন বীর মুক্তিযোদ্ধাদের সাথে ভুয়া মুক্তিযোদ্ধারা একই কাতারে দাঁড়িয়ে কোনো প্রোগ্রামে অংশ নেয় তখন খুব খারাপ লাগে।’
এএইচ/এস









