সিল্কসিটিনিউজ ডেস্ক:
জলচর প্রাণীটিকে নিবিড় পর্যবেক্ষণের পরই চোখ কপালে ওঠে বনকর্তাদের! বনকর্তারা নিশ্চিত যে, ওই কচ্ছপটি ‘বাতাগুর বাসকা’ প্রজাতির বিরলতম প্রাণী।
কোচবিহারের রাজার আমলের কচ্ছপই কি তা হলে মিলল আলিপুরদুয়ারের ফালাকাটায়? বুধবার দুপুর থেকেই দেখা দিয়েছে এই প্রশ্ন। এ দিন ফালাকাটার মুজনাই নদীতে খোঁজ মিলেছে পৃথিবীর অতি বিরলতম ‘বাতাগুর বাসকা’ প্রজাতির কচ্ছপের।
প্রায় অবলুপ্ত হতে চলা এই বিশেষ প্রজাতির কচ্ছপকে ইতিমধ্যেই ২০০৮ সালে লাল তালিকাভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে বর্তমানে ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দির ও অসমের কামাখ্যা ধামের পুকুরে প্রাকৃতিক ভাবেই বসবাস রয়েছে ওই বিশেষ প্রজাতির কচ্ছপদের। তা নাকি এক কালে অসম ও ত্রিপুরার রাজাকে উপহার পাঠিয়েছিলেন কোচ রাজা নৃপেন্দ্রনারায়ণ। কিন্তু ফালাকাটার ডাঙ্গাপাড়া এলাকার মুজনাই নদীর জলে এই ‘বাতাগুর বাসকা’ এল কোথা থেকে?

উদ্ধার হওয়া কচ্ছপটিকে পুজো দেওয়া চলছে।
এখনও স্পষ্ট করে কোনও ব্যাখ্যা মেলেনি। গত সোমবার ওই এলাকা থেকেই শিকারের লোভে বঁড়শির টোপে একটি ঢাউস কচ্ছপ ধরেন জনৈক মৎস্যজীবী ঝন্টু সন্ন্যাসী। গোপন সূত্রে খবর পেয়ে ওই অসাধু ব্যবসায়ীকে কোচবিহারের সিঙ্গিজানি এলাকা থেকে বমাল পাকড়াও করে বন দফতর। উদ্ধার হয় কচ্ছপটি। চিকিৎসার জন্য জখম কচ্ছপটিকে নিয়ে যাওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। জলচর প্রাণীটিকে নিবিড় পর্যবেক্ষণের পরই চোখ কপালে ওঠে বনকর্তাদের!
প্রাথমিক পর্যবেক্ষণের পর বনকর্তারা নিশ্চিত যে, ওই কচ্ছপটি ‘বাতাগুর বাসকা’ প্রজাতির বিরলতম প্রাণী। আদর্শ পরিবেশ না পেলে প্রাণ সংশয় হতে পারে তার। বিষয়টি লক্ষ করে বুধবার মুজনাই নদীর ঠিক সেই অংশে ফের কচ্ছপটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বনকর্তারা, যেখান থেকে তাকে ধরা হয়েছিল। সেই মতো কাজ হয়। নতুন করে যেন কোনও মৎস্যজীবী নদীর ওই নির্দিষ্ট এলাকায় জাল অথবা বঁড়শি না পাতেন, তা দেখভালের জন্য গ্রামের মানুষদের নিয়ে একটি নজরদারি কমিটি গড়ে দিয়েছে বন দফতর। তা ছাড়া সর্বক্ষণের পাহারার জন্যও এলাকায় মোতায়েন করা হয়েছে দু’জন বনকর্মীকে। দেশে রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও বিরলতম কি না এই কচ্ছপ, তা জানতে বিশেষজ্ঞদের কাছে বিভিন্ন ধরনের ছবি পাঠানো হয়েছে।










