সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

মায়ানমারে বেসামরিক গাড়িবহরে বিমান হামলা, নিহত অন্তত ৮

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
মায়ানমারে বেসামরিক গাড়িবহরে বিমান হামলা, নিহত অন্তত ৮

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহরের বাইরে জান্তা বাহিনী ও অভ্যুত্থানবিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলার সময় আটকে পড়া একটি বেসামরিক সরবরাহ গাড়িবহরে বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। দুই স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে বুধবার এএফপি এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে মধ্যাঞ্চলীয় সাগাইং একালার দুই বাসিন্দা জানান, স্থানীয় সময় সোমবার বিকেলে সংঘর্ষের কারণে আটকে থাকা কিছু ট্রাকের ওপর বিমান হামলা চালানো হয়। ট্রাকগুলো তখন কাছাকাছি লড়াইয়ের কারণে আটকা পড়েছিল।

তারা আরো বলেন, মান্দালয়ের থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরের তাউং ইয়িন গ্রামের কাছে অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অভ্যুত্থানবিরোধী একজন যোদ্ধা ছিলেন বলেও এক বাসিন্দা জানান।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে ক্রমবর্ধমান চাপে থাকা মায়ানমারের সামরিক সরকার ক্রমে বিমানবাহিনীর ব্যবহার বাড়াচ্ছে। আর এ ধরনের হামলায় বেসামরিক হতাহতের ঘটনা নিয়মিত ঘটছে।

এএফপি জানিয়েছে, জান্তা সরকারের কোনো মুখপাত্রের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘মৃতদেহ শনাক্ত করতেও সমস্যা হচ্ছে। কিছু দেহ টুকরা টুকরা হয়ে ছড়িয়ে গেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ও এএফপির যাচাইকৃত ছবিতে আগুনে জ্বলতে থাকা ট্রাক থেকে ধোঁয়া বের হতে এবং আশপাশের লোকজনকে মরদেহ সরিয়ে নিতে দেখা যায়।

এদিকে মায়ানমারের সামরিক সরকার আগামী ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা একে গৃহযুদ্ধের সমাধানের পথ বলছে। কিন্তু এই সংঘাতে ইতিমধ্যে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশটির অর্ধেক জনগণ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। অন্যদিকে গণতন্ত্রপন্থী গেরিলা গোষ্ঠী ও প্রভাবশালী জাতিগত সশস্ত্র সংগঠনগুলো এই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এটিকে সামরিক শাসন বৈধ করার কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জান্তা বাহিনী মায়ানমারের মধ্যাঞ্চলে বিদ্রোহীদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে, যেখানে তারা ভোট আয়োজন করতে পারে।

দ্বিতীয় স্থানীয় বাসিন্দা জানান, ট্রাকগুলো বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জ্বালানি বহন করছিল। তার ধারণা, বিদ্রোহী অঞ্চলে সরবরাহ ব্যাহত করতে সেনারা হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, ‘সামরিক পরিষদের অভিযানের কারণে রাস্তা অবরুদ্ধ ছিল।’

সোমবার বিকেলে দুই ঘণ্টা ধরে এই বিমান হামলা চলে জানিয়ে ওই বাসিন্দা বলেন, ‘আমরা মাথা তুলতেও পারিনি।’