সিল্কসিটিনিউজ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরীর মান ভাঙানোর চেষ্টায় গলদঘর্ম সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। তাই নগরভবনে দেখা করার পর এবার ছুটে গেছেন বাসায়।
বুধবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসভবনে ছুটে যান মুক্তাদির। নানাভাবে চেষ্টা করছেন মেয়র আরিফের মান ভাঙানোর।

গত সিটি নির্বাচনে মেয়র আরিফ যখন ধানের শীষের প্রার্থী, তখন অসহযোগিতার অভিযোগ উঠেছিল মুক্তাদিরের বিরুদ্ধে। এবার ধানের শীষ নিয়ে মাঠে মুক্তাদির, তাই বেঁকে বসেছেন আরিফ।
দুপুরে বাসায় দেখা করে মুক্তাদির নির্বাচনের জন্য আরিফের সহযোগিতা কামনা করেন। জবাবে আরিফুল হক চৌধুরী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় খন্দকার আবদুল মুক্তাদির বলেন, জুলুমবাজ এ সরকারের বিরুদ্ধে ভোটের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ১৭ কোটি মানুষের স্বার্থে, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় মেয়র আরিফও সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য তিনি অবশ্যই মাঠে নামবেন। সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এ সময় জেলা ও মহানগর বিএনপির উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট-১ আসনে দলের ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে বিএনপি থেকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডের কাছে চিঠি পাঠিয়েছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৫১ নেতা।
তবে বিএনপির হাইকমান্ড দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকেই মনোনয়ন দেন। আরিফুল হক চৌধুরী কেন্দ্রে ইনাম আহমদ চৌধুরীর পক্ষে চিঠি দেয়ায় তাদের মধ্যে দূরত্ব দেখা দেয়। এই দূরত্ব কাটাতে আবারও আরিফের বাসায় ছুটে গেলেন খন্দকার আবদুল মুক্তাদির। এতে আরিফও হাসি মুখে বরণ করে নেন দলের এই প্রার্থীকে।
এর আগে সকাল সাড়ে ৭টায় সিলেট সদর উপজেলার টুকের বাজারের সবজিবাজারে গণসংযোগ করেন। সকাল ৯টায় তেমুখী মাছ বাজার ও পরে কাজীরবাজারে নির্বাচনী গণসংযোগ ও প্রচার চালান।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সহসভাপতি আবুল কালাম তারেক ও মহানগর বিএনপি নেতা আবদুস সালাম বাচ্চু।










