নিজস্ব প্রতিবেদক:
‘অ্যাপ্রোন পরলে আগে সেবা, পরে রাজনীতি। মনে রাখতে হবে রোগীর সেবা করাই চিকিৎসকদের প্রথম দায়িত্ব। আর মানুষের সেবা করার মানসিকতা না থাকলে চিকিৎসা পেশায় আসার দরকার নেই। কারণ, মানুষকে সেবা করার মধ্য দিয়েই মানুষের মহত্ব ফুটে ওঠে। রাজনৈতিক আন্দোলনের নামে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়াটাও কোনোভাবেই কাম্য নয়।’

আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেডিক্যল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে সন্ধানীর কেন্দ্রীয় ৩৬তম ষান্মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে দেশের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী অারও বলেন, সন্ধানীকে আগে অ্যাম্বুলেন্স দিয়েছি ঢাকায়। এবার দেব রাজশাহীতে। খুব তাড়াতাড়ি শিক্ষানগরী রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজও শুরু হবে। এরই মধ্যে বাইপাসে জমি দেখা হয়েছে। পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের প্রক্রিয়া চলছে। উপাচার্যও নিয়োগ দেওয়া হবে।
এ সময় মন্ত্রী ভিন্ন প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বানও জানান ।
তিনি গনমাধ্যমের মাধ্যমে ট্যাম্প কে বলেন, ‘ট্রাম্প সাহেব, আমার বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেন। আপনার প্রতি বাংলাদেশের মানুষের সম্মান আরও বেড়ে যাবে।’
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজন ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি জাহারুল হোসাইন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ডা. একেএম সালেক, মহাসচিব ডা. জয়নাল আবেদিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসআর তরফদার, রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নওশাদ আলী।
স/অ










