সিল্কসিটিনিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা দেশটির সামরিক বাহিনীর একটি বিতর্কিত অভিযানের বৈধতা নিয়ে তদন্ত শুরু করেছে। মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, মাদকবাহী সন্দেহে নৌযান লক্ষ্য করে চালানো এসব হামলায় অন্তত ১৯২ জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এই অভিযান শুরু করে। তাদের দাবি, লাতিন আমেরিকাভিত্তিক ‘নার্কো-টেররিস্টদের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত যুদ্ধ করছে। ‘নার্কো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসবাদী হলো সেসব ব্যক্তি বা গোষ্ঠী যারা তাদের রাজনৈতিক, আদর্শগত বা অপরাধমূলক উদ্দেশ্য হাসিলের জন্য মাদক চোরাচালানকে অর্থায়নের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে

তবে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে। কারণ যাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প প্রশাসন এখনো কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করতে পারেনি যে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অংশ হিসেবে যেসব নৌযানে হামলা চালানো হয়েছে, সেগুলো সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। এই অভিযানের সমালোচনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে।
তিনি আগে দাবি করেছিলেন, দক্ষিণ আমেরিকা থেকে মাদক বহনকারী নৌযান ধরার অভিযান এতটাই সফল হয়েছে যে এখন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। এদিকে পেন্টাগনের স্বাধীন পরিদর্শক কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের আওতায় থাকবে ইউএস সাউদার্ন কমান্ডের দায়িত্বাধীন এলাকায় লক্ষ্যবস্তু নৌযানগুলোর বিরুদ্ধে পরিচালিত যৌথ সামরিক প্রক্রিয়া।
ব্লুমবার্গের বরাতে ওই বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তদন্তের লক্ষ্য হলো, হামলাগুলোর সময় পেন্টাগন ‘জয়েন্ট টার্গেটিং সাইকেল’ অনুসরণ করেছে কি না তা নির্ধারণ করা। এই প্রক্রিয়ায় সামরিক অভিযান পরিচালনার জন্য ছয়টি ধাপ অনুসরণ করতে হয় বলে ১১ মে তারিখের এক স্মারকে জানানো হয়েছে।
সংস্থাটি আরো জানিয়েছে, এই মূল্যায়ন পেন্টাগন সদর দফতর এবং ফ্লোরিডায় অবস্থিত ইউএস সাউদার্ন কমান্ড কার্যালয়ে পরিচালিত হবে। বিশ্লেষকদের মতে, এই প্রাণঘাতী হামলাগুলো যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আগে যেখানে সাধারণত নৌযান আটক করে মাদক জব্দের ওপর জোর দেওয়া হতো, এখন সেখানে সরাসরি লক্ষ্যবস্তুতে হামলার পথে গেছে দেশটি।










