সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নৌবাহিনীকে টাইব্রেকারে হারিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে ।
আজ রোববার মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল পায়নি। গোলশূন্য ড্রয়ের পর খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় ৫-৪ গোলের ব্যবধানে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল ক্রীড়া চক্র।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলার অরুপ কুমার বৈদ্য । গত ২০ জানুয়ারি এ টুর্নামেন্টে শুরু হয়েছিল। বসুন্ধরা সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা সংস্থার সার্বিক সহযোগিতায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী এ টুর্নামেন্টের আয়োজন করে। এ টুর্নামেন্টে মোট ১২টি ফুটবল দল অংশ নেয় । সেমিফাইনালে পারজিত হয়ে বিদায় নেয় আবাহনী ও মোহামেডান।

ফাইনাল শেষে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা, মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী , প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও টুর্নামেন্টের আহবায়ক জাতীয় দলের সাবেক ফুটবলার জিল্লুর রহমান লাজুক উপস্থিত ছিলেন ।
সূত্র: রাইজিংবিডি










