সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র, ওরি ব্যাংকসহ চার প্রতিষ্ঠানের ভিস্যাট লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি।
অন্য দুটি প্রতিষ্ঠান হলো সিঅ্যান্ডএ সোর্সিং ইন্টারন্যাশনাল লিমিটেড ও রিচ সার্ভিসেস এশিয়া লিমিটেড।

রোববার লাইসেন্স বাতিলের জরুরি নোটিশে বিটিআরসি বলছে, এসব প্রতিষ্ঠান যথাসময়ে তাদের লাইসেন্স নবায়নের আবেদন জমা দেয়নি। এই লাইসেন্স বছর বছর নবায়নভিত্তিক হওয়ায় এখন কোম্পানিগুলোর লাইসেন্সের আর বৈধতা নেই। তাই এদের লাইসেন্স বাতিলসহ ভিস্যাটের সকল কার্যক্রম বন্ধের এই নির্দেশনা।
অবৈধ কল টার্মিনেশনের অভিযোগে ২০০৭ সালের পর থেকে দেশে ভিস্যাটের লাইসেন্স দেওয়া বন্ধ করে দেয় বিটিআরসি।
তারপর থেকে বিদেশী দূতাবাস, গুরুত্বপূর্ণ দপ্তর-প্রতিষ্ঠান এবং কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা ছাড়া আর কারও ভিস্যাটের লাইসেন্স নবায়নও করেনি বিটিআরসি।
কিন্তু এখন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ব্যবসার প্রসার বাড়ানো এবং দেশের ভেতরে ইন্টারনেট নেই এমন স্থানে ইন্টারনেটের সেবা নিশ্চিত করতে বিটিআরসি আবারও ভিস্যাট বা ভেরি স্মল অ্যাপাচার টার্মিনালের লাইসেন্স উম্মুক্ত করেছে।
একই সঙ্গে ভিস্যাট হাব-এরও লাইসেন্স দিতে চায় বিটিআরসি।
২০০৬ সালে বাংলাদেশ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার আগ পর্যন্ত এই ভিস্যাটই ছিল ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হওয়ার একমাত্র উপায়। পরে একসময় ভিস্যাটের মাধ্যমে বিদেশী অবৈধ কলের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে কমিশন।









